
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় কৃষি উৎপাদন বৃদ্ধি এবং ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সহায়তায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে সার, বীজ ও বিভিন্ন ফসলের চারা বিতরণ করা হয়েছে।
গত বৃহস্পতিবার উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের আয়োজনে উপজেলা কৃষি অফিসের সভাকক্ষে এ উপলক্ষে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল হান্নান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের মাঝে প্রণোদনা সামগ্রী বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহবুর রহমান, উপজেলা নির্বাচন কর্মকর্তা শাখাওয়াত হোসেন, সহকারী কৃষি কর্মকর্তা আপেল মাহমুদ, রাজিব হোসেন, কৃষক শাহিনুর রহমান, আরিফুল ইসলাম, আবেদা খাতুন, সুবিরা বেগমসহ কৃষি বিভাগের কর্মকর্তা ও স্থানীয় কৃষক-কৃষাণীরা।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার মোট ৩ হাজার ৭০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক-কৃষাণীর মাঝে বিনামূল্যে রোপা আমন (উফশী) ধানের বীজ, গ্রীষ্মকালীন ও শীতকালীন পেঁয়াজের বীজ, মরিচের বীজ, লেবুর চারা এবং প্রয়োজনীয় রাসায়নিক সার বিতরণ করা হবে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারের এ ধরনের কৃষি প্রণোদনা কর্মসূচি কৃষকদের উৎপাদন ব্যয় কমাতে সহায়ক হবে এবং কৃষি উৎপাদন বৃদ্ধি ও দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি গ্রহণ এবং সরকারি কৃষি সহায়তার যথাযথ ব্যবহার নিশ্চিত করার আহ্বানও জানানো হয়।
