
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় কিশোর-যুবাদের মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করতে একটি মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৫ জুলাই) দুপুরে উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের বারোমারী এলাকার বেগম রৌশন আরা একাডেমি প্রাঙ্গণে ‘মাদক নয়, সুস্থ সমাজ চাই’ স্লোগানে এ সভার আয়োজন করে ফিরোজ লিটন স্পোর্টস ফাউন্ডেশন।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন একাডেমির পরিচালক বীর মুক্তিযোদ্ধা মো. মোবারক আলী। সভায় বক্তব্য দেন ফিরোজ লিটন স্পোর্টস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক মো. ফিরোজ আলম, ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. রুহুল আমীন লিটন এবং মালয়েশিয়াপ্রবাসী সমাজসেবক ও বিশিষ্ট দানবীর মো. উবায়দুল ইসলাম সোহাগ।
উবায়দুল ইসলাম সোহাগ বলেন, “মাদক প্রতিরোধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। তরুণদের খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে।”
এ ছাড়া বক্তব্য দেন বেগম রৌশন আরা একাডেমির প্রিন্সিপাল এম. সুরুজ্জামান, মুক্তিযোদ্ধা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক আহাম্মদ আলী, সমাজসেবক ও অবসরপ্রাপ্ত সেনাসদস্য মো. রবিউল আলম ইউসুফ, স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘টিম’-এর প্রতিষ্ঠাতা ও ক্রীড়া সাংবাদিক মো. রোকনুজ্জামান সেলিম, সাইদুল ইসলাম, আবু সাইদ এবং আব্দুল মান্নান।
বক্তারা বলেন, মাদক ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য মারাত্মক হুমকি। মাদকের বিস্তার রোধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং স্থানীয় জনগণের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। তরুণদের খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও নৈতিক শিক্ষার মাধ্যমে মাদক থেকে দূরে রাখার ওপরও তারা গুরুত্বারোপ করেন।
আলোচনা সভায় অংশ নেওয়া শিক্ষার্থীরা মাদক থেকে দূরে থাকার এবং অন্যদেরও এ বিষয়ে সচেতন করার অঙ্গীকার ব্যক্ত করেন।
