
বাংলাদেশ সেনাবাহিনীর সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বুধবার (৮ জুলাই) বগুড়ার শিবগঞ্জ উপজেলার উথুলী রথবাড়ি এলাকায় অবস্থিত ১১ পদাতিক ডিভিশনের গ্রীষ্মকালীন প্রশিক্ষণ ক্যাম্প পরিদর্শন করেন।
সকালে হেলিকপ্টারযোগে শিবগঞ্জ হেলিপ্যাডে অবতরণের পর তিনি সরাসরি উথুলী রথবাড়ি এলাকায় অবস্থিত গ্রীষ্মকালীন প্রশিক্ষণ ক্যাম্প (৪৯ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি ফার্ম বেস-১) পরিদর্শনে যান। সেখানে প্রশিক্ষণ কার্যক্রম, অবকাঠামো এবং সার্বিক প্রস্তুতি পর্যবেক্ষণ করেন। দুপুর পর্যন্ত তিনি ক্যাম্পে অবস্থান করে সংশ্লিষ্ট সেনা কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং প্রশিক্ষণ কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।
সেনাপ্রধানের সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন মেজর জেনারেল মো. সাজেদুর রহমান, ব্রিগেডিয়ার জেনারেল মো. হুমায়ুন কবির, ব্রিগেডিয়ার জেনারেল মো. এহসানুল হক, সেনাপ্রধানের নিরাপত্তা কর্মকর্তা মেজর মেহেদী হাসান খান এবং ক্যাপ্টেন মো. আহনাফ হোসেন।
সফরের অংশ হিসেবে দুপুর ২টা ২৫ মিনিটে তিনি শিবগঞ্জ উপজেলা পরিষদ মসজিদে জোহরের নামাজ আদায় করেন। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে মধ্যাহ্নভোজে অংশ নেন।
মধ্যাহ্নভোজ শেষে বিকেল ৩টার দিকে শিবগঞ্জ হেলিপ্যাড থেকে হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন সেনাপ্রধান।
সেনাপ্রধানের এ সফরকে ঘিরে শিবগঞ্জ হেলিপ্যাড, উপজেলা পরিষদ এলাকা এবং উথুলী রথবাড়ি প্রশিক্ষণ ক্যাম্পে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্ব পালন করেন।
