
মাদকের অন্ধকার থেকে তরুণ প্রজন্মকে দূরে রেখে খেলাধুলার সবুজ প্রান্তরে ফিরিয়ে আনার প্রত্যয়ে শেরপুরের নালিতাবাড়ীতে শুরু হয়েছে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট-২০২৬। মাঠজুড়ে খেলোয়াড়দের উদ্দীপনা, গ্যালারিতে দর্শকদের উচ্ছ্বাস আর সুস্থ সমাজ গঠনের প্রত্যয়—সব মিলিয়ে কালাকুমা মিনি স্টেডিয়াম যেন পরিণত হয় প্রাণচঞ্চল এক মিলনমেলায়।
‘মাঠে মাঠে উল্লাস, খেলাধুলা বারো মাস; খেলার মাঠে মন দাও, মাদককে বিদায় দাও’—এই প্রতিপাদ্যকে ধারণ করে শনিবার (১ আগস্ট) বিকেল ৫টায় নালিতাবাড়ী কালাকুমা মিনি স্টেডিয়ামে টুর্নামেন্টটির উদ্বোধন করেন শেরপুরের জেলা প্রশাসক মিজ্ ফারিদা ইয়াসমিন।
সামিউল হক স্পোর্টস একাডেমির আয়োজনে এবং নালিতাবাড়ী উপজেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠিত এ প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় রামচন্দ্রকুড়া ইউনিয়ন ও নালিতাবাড়ী ইউনিয়ন দল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল মালেক।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মিজ্ ফারিদা ইয়াসমিন বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়; এটি তরুণদের শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি ও সামাজিক দায়বদ্ধতা গড়ে তোলার অন্যতম কার্যকর ক্ষেত্র। তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে এমন উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। তিনি এ আয়োজনের জন্য সামিউল হক স্পোর্টস একাডেমিকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।
আয়োজক সামিউল হক স্পোর্টস একাডেমির প্রতিষ্ঠাতা সামিউল ইসলাম বলেন, “আমাদের বিশ্বাস, একটি খেলার মাঠ অনেক সময় একটি পরিবারকে কান্না থেকে বাঁচাতে পারে। তরুণদের হাতে মাদকের বিষ নয়, ফুটবল তুলে দিতে পারলেই সমাজ ইতিবাচক পরিবর্তনের পথে এগোবে। সেই বিশ্বাস থেকেই এই আয়োজন। আমরা চাই, নালিতাবাড়ীর প্রতিটি তরুণ মাঠমুখী হোক, সুস্থ প্রতিযোগিতায় অংশ নিক এবং একটি মাদকমুক্ত সমাজ গঠনে নিজেদের সম্পৃক্ত করুক।”
তিনি আরও বলেন, ভবিষ্যতেও যুবসমাজের শারীরিক ও মানসিক বিকাশ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে ধারাবাহিকভাবে বিভিন্ন ক্রীড়া আয়োজন করা হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নালিতাবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা আনিসুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মশিউর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবু সায়েম, নয়াবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান, রামচন্দ্রকুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ফজলুল হক দেলোয়ার হোসেন, প্রেসক্লাব নালিতাবাড়ীর জ্যেষ্ঠ সাংবাদিক ও বাংলাভিশনের শেরপুর জেলা প্রতিনিধি এম. এ. হাকাম হিরা, দৈনিক ইত্তেফাকের নালিতাবাড়ী উপজেলা প্রতিনিধি সামিদুল ইসলাম তালুকদার, জিটিভির শেরপুর জেলা প্রতিনিধি মনিরুল ইসলাম মনিরসহ স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, ক্রীড়া সংগঠক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
উদ্বোধনী ম্যাচ ঘিরে বিকেল থেকেই কালাকুমা মিনি স্টেডিয়ামে জড়ো হন বিভিন্ন বয়সের ক্রীড়াপ্রেমী দর্শক। খেলাকে ঘিরে তাদের প্রাণবন্ত উপস্থিতি টুর্নামেন্টে ভিন্নমাত্রা যোগ করে। আয়োজকদের প্রত্যাশা, এই প্রতিযোগিতা শুধু ফুটবলেই সীমাবদ্ধ থাকবে না; বরং তরুণদের মধ্যে মাদকবিরোধী সামাজিক আন্দোলনের বার্তাও ছড়িয়ে দেবে।
