
নিজস্ব প্রতিবেদক
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ৫ নং রামচন্দ্রকুড়া মণ্ডলিয়াপাড়া ইউনিয়নের কেরেঙ্গাপাড়া গ্রামে ফসলি জমিতে চাষাবাদে বাধা ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ তুলে নালিতাবাড়ী থানায় লিখিত আবেদন করেছেন মো. ছাইদুল ইসলাম।
থানায় দেওয়া লিখিত অভিযোগে তিনি দাবি করেন, কেরেঙ্গাপাড়া মৌজায় হেবা ঘোষণা ও রেজিস্ট্রি দলিলমূলে তার ও পরিবারের সদস্যদের নামে ফসলি জমি রয়েছে। দীর্ঘদিন ধরে তারা ওই জমিতে চাষাবাদ করে আসছেন।
অভিযোগে বলা হয়েছে, জমি পরিমাপ ও সীমানা নির্ধারণের উদ্যোগ নিলে মো. শরাফত আলী খাঁ বাধা দেন। একই সঙ্গে জমিতে চাষাবাদে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং ভয়ভীতি প্রদর্শনের অভিযোগও করা হয়েছে।
অভিযোগকারী আরও দাবি করেন, বর্তমানে আমন ধান রোপণের উপযুক্ত সময় চললেও বাধার কারণে তারা জমিটিতে আমন ধান রোপণ করতে পারছেন না। তার ভাষ্য, ওই জমির উৎপাদিত ফসলই পরিবারের জীবিকা ও খাদ্যের অন্যতম প্রধান অবলম্বন। নির্ধারিত সময়ে ধান রোপণ করা সম্ভব না হলে পরিবারটি আর্থিক ক্ষতির মুখে পড়তে পারে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
লিখিত অভিযোগে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন জানানো হয়েছে।
প্রতিবেদনটি নালিতাবাড়ী থানায় দাখিল করা লিখিত অভিযোগের ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে। অভিযোগটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আইনানুগ প্রক্রিয়াধীন রয়েছে।
