
শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় ব্যাংক হিসাবে পর্যাপ্ত অর্থ না থাকায় ২৯ লাখ টাকার একটি চেক ডিজঅনার হওয়ার অভিযোগে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। দ্য নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্ট, ১৮৮১-এর ১৩৮ ধারায় দায়ের করা ঝিনাইগাতী সিআর মামলা নম্বর-২৩৯/২০২৬ বর্তমানে ঝিনাইগাতী সিআর আমলি আদালতে বিচারাধীন রয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, উপজেলার বনগাঁও নয়াপাড়া গ্রামের বাসিন্দা মো. আব্দুস সামাদ বাদী হয়ে রাঙ্গামাটি খাটুয়াপাড়া গ্রামের বাসিন্দা মো. ফরজ উদ্দিনকে আসামি করে মামলাটি দায়ের করেন।
মামলার আরজিতে বাদীর অভিযোগ, চাকরির সূত্রে তাদের মধ্যে পরিচয় ও সুসম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে জমি বিক্রির আশ্বাস দিয়ে জরুরি প্রয়োজনের কথা বলে আসামি তার কাছ থেকে ২৯ লাখ টাকা হাওলাত নেন। শর্ত ছিল, ছয় মাসের মধ্যে ওই টাকার বিনিময়ে জমি লিখে দেবেন। কিন্তু নির্ধারিত সময় পার হলেও জমি লিখে না দিয়ে বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করেন বলে অভিযোগ করা হয়েছে।
মামলার নথি অনুযায়ী, পরে পাওনা টাকা ফেরত চাইলে গত ২ জুন সাক্ষীদের উপস্থিতিতে আসামি বাদীর অনুকূলে অগ্রণী ব্যাংক পিএলসি, তিনানী বাজার শাখার ২৯ লাখ টাকার একটি চেক (নম্বর-০৬৪২৬০৭) প্রদান করেন। একই দিন চেকটি ব্যাংকে জমা দিলে হিসাবে পর্যাপ্ত অর্থ না থাকায় ব্যাংক চেকটি ডিজঅনার করে।
বাদীর দাবি, এরপর গত ৭ জুন তার নিযুক্ত আইনজীবীর মাধ্যমে আসামির কাছে আইনগত নোটিশ পাঠানো হয়। তবে আইনে নির্ধারিত সময়ের মধ্যে চেকের অর্থ পরিশোধ না করায় তিনি আদালতে মামলা দায়ের করেন।
মামলায় আরও অভিযোগ করা হয়েছে, পর্যাপ্ত অর্থ না থাকা সত্ত্বেও আসামি ইচ্ছাকৃতভাবে চেক প্রদান করে বাদীকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করেছেন। এ ঘটনায় প্রতারণার উদ্দেশ্য ছিল বলেও বাদী তার আরজিতে উল্লেখ করেছেন।
মামলায় দুইজন ব্যক্তি এবং অগ্রণী ব্যাংক পিএলসি, তিনানী বাজার শাখার ব্যবস্থাপককে সাক্ষী করা হয়েছে। মামলার সঙ্গে চেকের অনুলিপি, ব্যাংকের ডিজঅনার স্লিপ, আইনজীবীর নোটিশ, রেজিস্ট্রি রশিদ এবং বাদীর জাতীয় পরিচয়পত্রের অনুলিপি সংযুক্ত করা হয়েছে।
এদিকে বাদী কলসপাড় নঈমী দাখিল মাদ্রাসার সুপার ও নালিতাবাড়ী মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি আলহাজ মো. আব্দুস সামাদ বলেন, মামলার জের ধরে আসামি মো. ফরজ উদ্দিন তার বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট অভিযোগ দিয়ে বেড়াচ্ছেন। পাশাপাশি বিভিন্ন অনলাইন মাধ্যমে তাকে নিয়ে মানহানিকর ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন। তার ভাষ্য, এসব কর্মকাণ্ডের মাধ্যমে তাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করা হচ্ছে। একই সঙ্গে বিভিন্নভাবে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলেও তিনি দাবি করেন। এতে তিনি নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেন।
মামলাটি বর্তমানে ঝিনাইগাতী সিআর আমলি আদালতে বিচারাধীন রয়েছে।
