
বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি শেরপুর জেলা বাস-মিনিবাস মালিক সমিতির ২০ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি পুনর্গঠন করেছে। পুনর্গঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য ও নালিতাবাড়ী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান লিটন।
বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ স্বাক্ষরিত ২ আগস্টের এক পত্রে এ তথ্য জানানো হয়েছে।
পত্রে বলা হয়েছে, মালিকদের পক্ষ থেকে উত্থাপিত লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ১৯ জুলাই শেরপুর জেলা বাস-মিনিবাস মালিক সমিতির কার্যকরী কমিটির কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়। পরে সংশ্লিষ্ট মালিকদের সঙ্গে আলোচনা শেষে পাঁচজন সদস্যকে কো-অপ্ট করে ২০ সদস্যের নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়। একই সঙ্গে পূর্বে জারি করা স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে আলহাজ মো. হযরত আলী, কার্যকরী সভাপতি হিসেবে ইঞ্জিনিয়ার মো. দেলোয়ার হোসেন সাঈদী এবং সাধারণ সম্পাদক হিসেবে সাইফুল ইসলাম স্বপন দায়িত্ব পেয়েছেন। সহ-সাধারণ সম্পাদক পদে আতাহারুল ইসলাম ও হাবিবুর রহমান লিটনসহ অন্যান্য পদেও সদস্যদের মনোনয়ন দেওয়া হয়েছে।
সংগঠনের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে নবগঠিত কার্যকরী কমিটিকে গঠনতন্ত্র অনুযায়ী দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়েছে।
হাবিবুর রহমান লিটন জনগণের কন্ঠ’কে বলেন, “বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি আমার ওপর যে আস্থা রেখেছে, তার জন্য আমি কৃতজ্ঞ। শেরপুর জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সব সদস্যকে সঙ্গে নিয়ে সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী দায়িত্ব পালন করব। মালিকদের স্বার্থ সংরক্ষণ, সংগঠনের ঐক্য বজায় রাখা এবং পরিবহন খাতের উন্নয়নে আন্তরিকভাবে কাজ করার চেষ্টা থাকবে।”
