
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, “সরকার গঠনের মাত্র পাঁচ মাসের মধ্যেই প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড প্রদান করেছি। ইমাম-মুয়াজ্জিনদের ভাতা প্রদানের কার্যক্রম শুরু করেছি। ইতোমধ্যে নতুন কুঁড়ি স্পোর্টস-এর প্রথম আসর শেষ হয়েছে, দ্বিতীয় আসর চলমান রয়েছে। এইভাবে আমরা ৬৪ জেলায় স্পোর্টস ভিলেজ তৈরি করব।”
২ আগস্ট বিকেলে বগুড়ার মোকামতলা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আমিনুল হক বলেন, “এই অর্থ বছরে ১০টি স্পোর্টস ভিলেজ তৈরি করা হবে। তারমধ্যে বগুড়ায় নির্মিত হবে ১টি। আমরা আশা করছি, আগামী ৫ বছরের মধ্যে সমৃদ্ধশালী বাংলাদেশকে মানবিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে পারব।”
তিনি আরও বলেন, “ইতিমধ্যে খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার জন্য কার্যক্রম শুরু করেছি। বিশেষ করে খেলার জন্য যেটি বেশি প্রয়োজন, সেটি হচ্ছে খেলার মাঠ। বিগত সময়ে যেখানে খালি জায়গা ছিল, সেখানেই দখল করে স্থাপনা তৈরি করা হয়েছে। বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা- যেখানেই খালি জায়গা থাকবে, সেখানেই আমাদের তরুণ-তরুণী, কিশোর-কিশোরী ও ভবিষ্যৎ প্রজন্মদের জন্য খেলার উপযোগী মাঠ তৈরি করতে চাই।”
এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহীনুজ্জামান, কৃষি কর্মকর্তা আব্দুল হান্নান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, শিবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এসএম তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল ওহাব, নবগঠিত মোকামতলা উপজেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ হাসান তৌফিক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম মানিক, সদস্য সচিব রোকন-উদ-দৌলা রুবেলসহ সরকারি দপ্তরের বিভিন্ন কর্মকর্তা এবং শিবগঞ্জ ও মোকামতলা উপজেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। খেলা দেখতে বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার দর্শক মোকামতলা উচ্চ বিদ্যালয় মাঠের চতুর্পাশে ভিড় করেন।
