
বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের মুরাদপুর এলাকায় রংপুর-ঢাকা মহাসড়কে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ১৫ বোতল মাদকদ্রব্য ইস্কাপ ও ২ কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ এক যুবককে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বুধবার (৫ আগস্ট) মুরাদপুর গ্রামের মির অ্যান্ড রুবেল এলপিজি অটো গ্যাস স্টেশনের সামনে রংপুর থেকে ঢাকাগামী নাভেল পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি রংপুর জেলার কাউনিয়া থানার খামারপাড়া ধুমের কুটি গ্রামের মো. সাজু মিয়ার ছেলে মো. রবিউল ইসলাম (২০)।
অভিযানকালে তার কাছ থেকে ১৫ বোতল মাদকদ্রব্য ইস্কাপ এবং ২ কেজি ৮০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদক জব্দ করে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
