
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় র্যাবের অভিযানে ৫০ বোতল ফেয়ারডিলসহ সিয়াম হোসেন (২৭) নামে এক যুবককে আটক করা হয়েছে।
র্যাব সূত্রে জানা যায়, মঙ্গলবার (৪ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল শিবগঞ্জ উপজেলার কিচক-টু-মোকামতলা সড়কের চকরামচন্দ্রপুর এলাকায় অবস্থান নেয়। এ সময় জয়পুরহাট থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়।
তল্লাশিকালে বাস থেকে ৫০ বোতল ফেয়ারডিলসহ সিয়াম হোসেন (২৭) নামে এক যুবককে আটক করা হয়। আটক সিয়াম হোসেন জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার পশ্চিম বীরনগর এলাকার শফিকুল ইসলামের ছেলে।
র্যাব জানায়, জব্দ করা ফেয়ারডিল ও আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর প্রক্রিয়া চলমান রয়েছে।
র্যাব আরও জানায়, মাদক নির্মূল এবং মাদক কারবারিদের বিরুদ্ধে তাদের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
