
শ্রেণিকক্ষে চার দশকেরও বেশি সময় ধরে জ্ঞানের আলো ছড়িয়েছেন। হাজারো শিক্ষার্থীর হাতে তুলে দিয়েছেন শিক্ষা, শৃঙ্খলা ও মানবিকতার পাঠ। কর্মজীবনের আনুষ্ঠানিক পরিসমাপ্তির পর এবার সেই অভিজ্ঞতা, প্রজ্ঞা ও জনসম্পৃক্ততাকে স্থানীয় উন্নয়নের কাজে কাজে লাগানোর প্রত্যয় নিয়ে নন্নী ইউনিয়ন পরিষদ নির্বাচনের মাঠে নেমেছেন শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নন্নী ইউনিয়নের প্রবীণ শিক্ষক ও সমাজসেবক হাজী মো. মোজাম্মেল হক। ইতোমধ্যে তিনি নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ শুরু করেছেন।
হাজী মো. মোজাম্মেল হকের জন্ম ১৯৬৪ সালের ১ মার্চ নন্নী ইউনিয়নের কাচিমো গ্রামের একটি সুপরিচিত পরিবারে। তিনি এলাকার বিশিষ্ট ব্যক্তি কেয়ামত হাজীর জ্যেষ্ঠ পুত্র। শৈশব থেকেই শিক্ষা ও সামাজিক মূল্যবোধের পরিবেশে বেড়ে ওঠা মোজাম্মেল হক পরবর্তীকালে শিক্ষকতাকেই জীবনসঙ্গী হিসেবে বেছে নেন।
১৯৮৪ সালের ২৭ মার্চ নিশ্চিন্তপুর আলিম মাদ্রাসায় শিক্ষকতা জীবন শুরু করেন তিনি। দীর্ঘ প্রায় ৪০ বছর নিষ্ঠা, আন্তরিকতা ও দায়িত্ববোধের সঙ্গে শিক্ষকতার দায়িত্ব পালন শেষে ২০২৪ সালের ২৯ নভেম্বর অবসরে যান। তার দীর্ঘ কর্মজীবনে বহু শিক্ষার্থী বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়েছেন। স্থানীয়দের মতে, শিক্ষকতার পাশাপাশি সামাজিক সম্প্রীতি, শিক্ষাবান্ধব পরিবেশ এবং জনকল্যাণমূলক উদ্যোগেও তিনি নিয়মিত সম্পৃক্ত ছিলেন।
রাজনীতির সঙ্গেও তার দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। নব্বইয়ের দশকে নন্নী-পোড়াগাঁও সংযুক্ত ইউনিয়ন বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। সে সময় কমিটির সাধারণ সম্পাদক ছিলেন মরহুম মহসীন। তবে সাম্প্রতিক বছরগুলোতে তিনি মূলত সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডেই বেশি সময় দিয়েছেন।
ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তিনি এখন নন্নী ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে মতবিনিময় করছেন, তাদের সমস্যার কথা শুনছেন এবং নিজের উন্নয়ন-ভাবনা তুলে ধরছেন। তার ভাষায়, নির্বাচন কেবল ভোটের প্রতিযোগিতা নয়; এটি মানুষের আস্থা অর্জনের একটি দায়িত্বশীল প্রক্রিয়া।
নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত সম্পর্কে হাজী মো. মোজাম্মেল হক জনগণের কন্ঠকে বলেন, “আমার কোনো সন্তান-সন্ততি নেই। নন্নী ইউনিয়নের প্রতিটি মানুষই আমার সন্তানের মতো। শিক্ষকতা জীবনে মানুষের ভালোবাসাই ছিল আমার সবচেয়ে বড় অর্জন। অবসরের পর মনে হয়েছে, জীবনের বাকি সময়টুকুও মানুষের জন্য ব্যয় করা উচিত। আমি চাই আমার অভিজ্ঞতা, সামর্থ্য ও অর্জন এই ইউনিয়নের মানুষের কল্যাণে কাজে লাগুক। মানুষের সুখ-দুঃখের সঙ্গী হয়ে একটি সুশাসিত, শিক্ষাবান্ধব, স্বচ্ছ ও উন্নত নন্নী ইউনিয়ন গড়ে তুলতে চাই।”
নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে তিনি ‘এক নজরে প্রস্ফুটিত নন্নী ইউনিয়ন’ শিরোনামে একটি প্রচারধর্মী বই প্রকাশ করেছেন। বইটিতে নন্নী ইউনিয়নের ইতিহাস, ভৌগোলিক পরিচিতি, শিক্ষা, কৃষি, যোগাযোগ, সামাজিক সম্ভাবনা এবং ভবিষ্যৎ উন্নয়নের বিভিন্ন পরিকল্পনা তুলে ধরা হয়েছে। পাশাপাশি স্থানীয় উন্নয়ন নিয়ে তার নিজস্ব দৃষ্টিভঙ্গি ও অগ্রাধিকারও স্থান পেয়েছে।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, নির্বাচনী প্রচারণার শুরু থেকেই বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ধারাবাহিকভাবে মতবিনিময় করছেন হাজী মো. মোজাম্মেল হক। তার প্রচারণায় উন্নয়ন, শিক্ষা, সুশাসন এবং জনসম্পৃক্ততার বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে।
স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে নন্নী ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে প্রচারণা ক্রমেই গতি পাচ্ছে। সেই প্রেক্ষাপটে দীর্ঘ শিক্ষকতা জীবনের অভিজ্ঞতা নিয়ে হাজী মো. মোজাম্মেল হকের নির্বাচনী মাঠে নামা স্থানীয় রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। এখন ভোটারদের প্রত্যাশা—নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের সক্ষমতা, সততা এবং জনকল্যাণে কার্যকর ভূমিকার মধ্য দিয়েই প্রার্থীদের মূল্যায়ন হবে।
শিক্ষকতা থেকে জনসেবার এই নতুন অভিযাত্রা শেষ পর্যন্ত কতটা জনসমর্থন পায়, তার উত্তর মিলবে নির্বাচনের দিন। তবে প্রচারণার শুরুতেই একটি বিষয় স্পষ্ট—দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতাকে পুঁজি করে মানুষের আরও কাছাকাছি যাওয়ার প্রত্যয় নিয়েই এগিয়ে চলেছেন হাজী মো. মোজাম্মেল হক।
