
নওগাঁর বদলগাছী উপজেলায় ২০২৬ সালের দাখিল পরীক্ষার ফলাফলে কয়েকটি মাদ্রাসার চিত্রে উঠে এসেছে দীর্ঘদিনের বঞ্চনার বাস্তবতা।
প্রকাশিত ফলাফল তালিকায় দেখা গেছে, উপজেলার তিনটি নন-এমপিও মাদ্রাসা থেকে মোট ১২ জন পরীক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশ নিলেও একজনও পাস করেনি।
ফলাফল অনুযায়ী, জোলাপাড়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা থেকে ৩ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ০ জন। খাদাইল দাখিল মাদ্রাসা থেকে ৭ জন পরীক্ষার্থী অংশ নিয়েও কেউ পাস করেনি। আর গোবরচাপাহাট আখতার হামিদ সিদ্দিকী দাখিল মাদ্রাসা থেকে ২ জন পরীক্ষার্থী অংশ নিলেও পাস করেছে ০ জন। অর্থাৎ তিনটি প্রতিষ্ঠানেই পাসের হার শূন্য শতাংশ।
সংশ্লিষ্টদের দাবি, প্রতিষ্ঠানগুলো নন-এমপিওভুক্ত হওয়ায় দীর্ঘদিন ধরে এসব প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা সরকারি বেতন-ভাতার সুবিধা থেকে বঞ্চিত হয়ে আসছেন।
২৫–৩০ বছরেও নেই বেতন-ভাতা
সংশ্লিষ্টদের ভাষ্য, নন-এমপিও এসব শিক্ষাপ্রতিষ্ঠানের অনেক শিক্ষক-কর্মচারী প্রায় ২৫ থেকে ৩০ বছর ধরে বেতন-ভাতা ছাড়াই শিক্ষার্থীদের পাঠদান ও প্রতিষ্ঠানের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। দীর্ঘদিন বিনা বেতনে দায়িত্ব পালন করতে গিয়ে তাদের অনেকেই মানবেতর জীবনযাপন করছেন।
শিক্ষকরা জানান, একটি শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনার জন্য শিক্ষক-কর্মচারীদের নিয়মিত বেতন-ভাতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু দীর্ঘদিন ধরে সরকারি আর্থিক সহায়তা না থাকায় সংসার চালানো, সন্তানের পড়াশোনা ও নিত্যপ্রয়োজনীয় ব্যয় মেটাতে তাদের চরম সংকটে পড়তে হচ্ছে।
তাদের অভিযোগ, বছরের পর বছর শিক্ষার আলো ছড়িয়ে গেলেও নন-এমপিও প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জীবনযাত্রার উন্নতি হয়নি। তারা দ্রুত এসব প্রতিষ্ঠান এমপিওভুক্তকরণ এবং শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতার ব্যবস্থা করার দাবি জানিয়েছেন।
শুধু ফলাফল নয়, বিবেচনায় নিতে হবে বাস্তবতাও
সংশ্লিষ্টরা বলছেন, পরীক্ষার ফলাফল একটি প্রতিষ্ঠানের শিক্ষার মানের গুরুত্বপূর্ণ সূচক হলেও এর পেছনের বাস্তবতাও বিবেচনায় নেওয়া প্রয়োজন। দীর্ঘদিন ধরে বেতন-ভাতা না পাওয়া, আর্থিক সংকট, শিক্ষক সংকট ও প্রয়োজনীয় শিক্ষা উপকরণের অভাব শিক্ষার পরিবেশকে প্রভাবিত করতে পারে।
তবে শূন্য পাসের বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রতিষ্ঠানগুলোর শিক্ষার মানোন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা।
শিক্ষকদের প্রশ্ন—আর কতদিন বেতনহীন জীবন?
দীর্ঘদিন ধরে বেতন-ভাতা না পাওয়া শিক্ষক-কর্মচারীদের দাবি, তারা বছরের পর বছর শিক্ষার্থীদের পড়িয়ে যাচ্ছেন। কিন্তু নিজেদের পরিবার চালাতে গিয়ে তাদের অনেককেই নানা সংকটের মুখোমুখি হতে হচ্ছে।
তাদের প্রশ্ন—“২৫–৩০ বছর ধরে যারা শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছেন, তাদের জীবন কি এভাবেই বেতনহীন ও অনিশ্চয়তায় কাটবে?”
শিক্ষক-কর্মচারীরা দ্রুত নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্ত করে তাদের দীর্ঘদিনের বেতন-ভাতা বঞ্চনার অবসান ঘটানোর দাবি জানিয়েছেন।
তিন নন-এমপিও মাদ্রাসার ফলাফল:
জোলাপাড়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা: পরিক্ষার্থী ৩ জন পাশের হাড় ০%
খাদাইল দাখিল মাদ্রাসা: পরিক্ষার্থী ৭ জন পাশের হাড় ০%
গোবরচাপাহাট আখতার হামিদ সিদ্দিকী দাখিল মাদ্রাসা: পরিক্ষার্থী ২ জন পাশের হাড় ০%
তিনটি মাদ্রাসা মিলে ১২ পরীক্ষার্থী কেউ পাস করেনি
