
শেরপুরের ঝিনাইগাতীতে নিখোঁজের আট দিন পর মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় বিল্লাল হোসেন (৪৫) নামের এক ধান ব্যবসায়ীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নারী-পুরুষসহ ১৯ জনকে আটক করা হয়েছে।
বুধবার (১২ আগস্ট) দুপুরে উপজেলার জারুলতলা গ্রামের একটি খালের পাশ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও পরিবারের সূত্রে জানা গেছে, গত ৪ আগস্ট বিল্লাল হোসেন নিখোঁজ হন। এ ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে ঝিনাইগাতী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। এরপর তাকে উদ্ধারে কাজ শুরু করে পুলিশ।
পুলিশ জানায়, বুধবার দুপুরে জারুলতলা গ্রামের খালের পাশে মাছ ধরতে গিয়ে স্থানীয় কয়েকজন দুর্গন্ধ পান। বিষয়টি সন্দেহজনক মনে হলে তারা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে খালের পাশের একটি জায়গায় মাটি খুঁড়ে পুঁতে রাখা অবস্থায় বিল্লাল হোসেনের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নারী-পুরুষসহ ১৯ জনকে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
শেরপুরের পুলিশ সুপার এ কে এম জহিরুল হক বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। বিল্লাল হোসেনকে হত্যার পেছনে কারা জড়িত এবং হত্যার কারণ কী, তদন্তের পর তা জানা যাবে।
