
জয়পুরহাটের ক্ষেতলালের মামুদপুর ইউনিয়নে লাল বাদশা (২০) নামে এক তরুণকে পিটিয়ে হত্যার ঘটনায় ফিলিং স্টেশনের ম্যানেজারসহ চারজনকে আটক করেছে পুলিশ।
এ ঘটনায় মাজেদুল ইসলাম (১৮) নামে আরও এক তরুণকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য সাতজনকে আটক করলেও তদন্তে সরাসরি সম্পৃক্ততা পাওয়ায় চারজনকে ক্ষেতলাল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
নিহত লাল বাদশা ক্ষেতলাল উপজেলার আলমপুর ইউনিয়নের নলপুকুর গুচ্ছগ্রামের জামালের ছেলে। আহত মাজেদুল ইসলামও একই গ্রামের বাসিন্দা।
আটক ব্যক্তিরা হলেন—জয়পুরহাট সদর উপজেলার জামালগঞ্জ ফিলিং স্টেশনের ম্যানেজার দিনাজপুরের পার্বতীপুর থানার রিয়াজপাড়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে আজিমুল হক (৩৫), পাম্পের কর্মচারী লালমনিরহাটের কালীগঞ্জ থানার উত্তর বানা গ্রামের আব্দুর সামাদ আলীর ছেলে সাইফুল ইসলাম সজীব (৩১), ক্ষেতলাল উপজেলার মহব্বতপুর গ্রামের মৃত মোজাম্মেল হোসেনের ছেলে রফিকুল ইসলাম (৩০) এবং জয়পুরহাট সদর উপজেলার বেলতলা গ্রামের আছির উদ্দিনের ছেলে আমজাদ আলী (২০)।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (১৪ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে জামালগঞ্জ ফিলিং স্টেশন এলাকায় দুই তরুণ বাদশা ও মাজেদুল অবৈধ প্রবেশ করেন। এ সময় ফিলিং স্টেশনের কর্মচারীরা তাদের আটক করেন। পরে তাদের পাশের একটি পোল্ট্রি খামারে নিয়ে রাতভর মারধর ও নির্যাতন করা হয় বলে অভিযোগ উঠেছে।
