
জয়পুরহাটের ক্ষেতলালে অজ্ঞাতনামা এক যুব**কের মরদেহ উদ্ধারের ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় হ**ত্যার সঙ্গে জড়িত প্রধান আসামিসহ পাঁচজনকে আটক করা হয়েছে।
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মাহমুদপুর ইউনিয়নের মহব্বতপুর মৌজার সাকিদাড়পাড়া গ্রামের পদ্মপুকুর হাওর বিলের কাঁচা রাস্তার ওপর অজ্ঞা**তনামা এক ব্যক্তির মরদেহ এবং পাশে অপর একজনকে অচেতন অবস্থায় উদ্ধারের ঘটনায় দ্রুত তদন্তে নামে জেলা পুলিশ।
ঘটনাটি জেলা পুলিশের নজরে আসার পর পুলিশ সুপারের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)-এর নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি চৌকস দল ছায়া তদন্ত শুরু করে। তদন্তের একপর্যায়ে অতি অল্প সময়ের মধ্যেই ঘটনার রহস্য উদঘাটন করা হয়।
পুলিশ জানায়, নিহত ব্যক্তি হলেন মো. বাদশা মিয়া (২৫)। তিনি ক্ষেতলাল উপজেলার আলমপুর ইউনিয়নের নলপুকুর আদর্শগ্রামের মো. জামাল মিয়ার ছেলে। আহত অবস্থায় উদ্ধার হওয়া ব্যক্তি মো. মাজেদুল ইসলাম (১৮), একই এলাকার মো. ইব্রাহিমের ছেলে।
তদন্তে জানা যায়, গত ১৪ আগস্ট ২০২৬ রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে জামালগঞ্জ চারমাথায় অবস্থিত মেসার্স জামালগঞ্জ ফিলিং স্টেশনে রাখা একটি বাসের ছাদে থাকা গাড়ির স্পেয়ার চাকা চুরির চেষ্টা করছিলেন বাদশা ও মাজেদুল—এমন সন্দেহে তাদের আটক করেন বাসের চালক রফিকসহ পাম্পের লোকজন। এ সময় তাদের মারধর করে কিছুক্ষণ পর ছেড়ে দেওয়া হয়।
পরে পরস্পর যোগসাজশে শান্তের নেতৃত্বে পুনরায় সংগঠিত হয়ে বাদশা ও মাজেদুলকে একটি নির্জন স্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের মারধর করা হয়। একপর্যায়ে বাদশা নিহত হন এবং মাজেদুলকে মৃত মনে করে দুজনকেই ক্ষেতলাল থানাধীন মাহমুদপুর ইউনিয়নের মহব্বতপুর মৌজার সাকিদাড়পাড়া গ্রামের পদ্মপুকুর হাওর বিলের কাঁচা রাস্তার ওপর ফেলে রেখে চলে যায় অভিযুক্তরা।
পরদিন ঘটনাস্থল থেকে বাদশার মরদেহ এবং মাজেদুলকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করে এবং প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জড়িতদের শনাক্ত করে।
পুলিশ সুপারের নির্দেশনায় অভিযান চালিয়ে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রধান আসামিসহ পাঁচজনকে আটক করা হয়। এছাড়া ঘটনার নেতৃত্বদানকারী পলাতক আসামি শান্তকে নওগাঁ ও বগুড়া জেলায় বিশেষ অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করে জয়পুরহাট জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
