
মাসুম বিল্লাহ, কালিগঞ্জ, ঝিনাইদহ প্রতিনিধি, ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বড় বাইসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শাহ আলমের বিরুদ্ধে ৪র্থ শ্রেণির এক স্কুলছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে ১৮ই আগস্ট ২০২৬ এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযুক্ত শিক্ষককে পুলিশ আ,টক করতে গেলে স্থানীয় গ্রামবাসী ও অভিভাবকরা বিক্ষোভে ফেটে পড়েন এবং পুলিশকে বাধার মুখে পড়তে হয়। স্থানীয় ও স্কুল সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই সহকারী শিক্ষক শাহ আলমের বিরুদ্ধে কোমলমতি শিক্ষার্থীদের সাথে আপত্তিকর আচরণের অভিযোগ উঠেছিল। শ্রেণিকক্ষে ৪র্থ শ্রেণির এক ছাত্রীকে যৌন নিপীড়নের বিষয়টি প্রকাশ্যে এলে অন্যান্য শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়। ঘটনার খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং অভিযুক্ত শিক্ষককে হেফাজতে নেওয়ার চেষ্টা করে। এ সময় বিক্ষুব্ধ গ্রামবাসী ওই শিক্ষকের দৃষ্টান্তমূলক ও কঠোর শাস্তির দাবিতে বিদ্যালয় প্রাঙ্গণ ঘেরাও করে এবং পুলিশকে তাকে নিয়ে যেতে বাধা দেয়। পরবর্তীতে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্তকে থানায় নিয়ে যায়। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “অভিযুক্ত শিক্ষককে আটক করা হয়েছে” ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।” এদিকে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জানান, বিভাগীয় তদন্ত সাপেক্ষে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে সাময়িক বরখাস্তসহ কঠোর ব্যবস্থা নেওয়া হবে ।
