
নওগাঁর পত্নীতলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে দুই কেজি গাঁজাসহ রিফাত হোসেন (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশে জেলা গোয়েন্দা শাখা (ডিবি), নওগাঁর একটি দল পত্নীতলা থানা এলাকায় এ অভিযান পরিচালনা করে।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানিক দল জানতে পারে, পত্নীতলা থানার আমাইর ছয় ঘাটি পাড়া এলাকায় একটি বাড়িতে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় চলছে। এর ভিত্তিতে দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে ওই এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় বাড়ির সামনে সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়।
আটক ব্যক্তি জিজ্ঞাসাবাদে তার নাম রিফাত হোসেন (২৫) বলে জানায়। তিনি আমাইর ছয় ঘাটি পাড়া এলাকার আ. রাজ্জাক ও রোমেলা বেগমের ছেলে।
পরে রিফাতের হাতে থাকা বাজারের ব্যাগ তল্লাশি করে পলিথিনে মোড়ানো এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। এরপর তার দেওয়া তথ্যের ভিত্তিতে অন্য একটি বাড়িতে অভিযান চালিয়ে উপস্থিত লোকজনের সামনে শয়নকক্ষের খাটের নিচ থেকে আরও এক কেজি গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়। সব মিলিয়ে অভিযানে মোট দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তার রিফাত হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পত্নীতলা থানায় মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।
