
- যশোরের পুটখালী সীমান্তে ৩ সোনার বারসহ আটক ১
যশোরের শার্শা উপজেলার পুটখালী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তিনটি সোনার বারসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (১৯ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেন খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাফিজ ইমতিয়াজ আহসান।
বিজিবি সূত্রে জানা গেছে, আটক ব্যক্তির নাম সুজন হোসেন। তিনি পুটখালী গ্রামের বাসিন্দা। সীমান্ত এলাকায় অভিযান চালানোর সময় তার কাছ থেকে ৩৯৭ গ্রাম ওজনের তিনটি সোনার বার উদ্ধার করা হয়। এ সময় একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।
উদ্ধার হওয়া সোনার বারগুলোর আনুমানিক বাজারমূল্য ৮৭ লাখ ৭৭ হাজার ৬৭০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত এলাকায় মাদক ও বিভিন্ন ধরনের চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান ও নজরদারি অব্যাহত রয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
