
নওগাঁর ধামইরহাটে মেরিনা বেগম (৪৫) নামে এক নারীকে হত্যার পর মরদেহে আগুন দিয়ে পুড়িয়ে পরিচয় নষ্ট করার ঘটনায় সাবেক ইউপি সদস্যসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের পাশাপাশি ঘটনার ১২ ঘণ্টার মধ্যে দুই আসামিকে গ্রেপ্তার ও হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামত উদ্ধারের দাবি করেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ধামইরহাট উপজেলার মড়লই গ্রামের সাবেক ইউপি সদস্য মো. বাবুল হোসেন (৪৯) এবং একই গ্রামের মো. তারেক রহমান (২১)।
পুলিশ জানায়, গত ১৮ আগস্ট সন্ধ্যা ৭টার দিকে ধামইরহাট থানাধীন আগ্রাদ্বিগুন ইউনিয়নের তালপুকুর মাহমুদপুর গ্রামের (ভালকাডাঙ্গা) একটি আমবাগানের গভীর জঙ্গলে আগুনে পোড়া এক নারীর মরদেহ পড়ে থাকার খবর পাওয়া যায়। খবর পেয়ে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম ধামইরহাট থানার অফিসার ইনচার্জ ও পত্নীতলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারকে ঘটনাস্থলে পাঠান। পুলিশ সুপার নিজেও ঘটনাটি তদারক করেন।
প্রচণ্ড বৃষ্টির মধ্যেও পুলিশ প্রায় ২৫ কিলোমিটার দূরের ঘটনাস্থলে পৌঁছে মরদেহের পাশে বিভিন্ন প্রসাধনী সামগ্রী ও পরিচয়পত্র পড়ে থাকতে দেখে। একই সময়ে কাউসার আলী নামে এক ব্যক্তি তার মায়ের নিখোঁজের বিষয়ে থানায় সাধারণ ডায়েরি করতে আসেন। পরে ঘটনাস্থলে গিয়ে তিনি মরদেহটি তার মা মেরিনা বেগমের বলে শনাক্ত করেন।
পুলিশ জানায়, মেরিনা বেগম কয়েক দিন আগে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ ছিলেন। বিষয়টি নিশ্চিত হওয়ার পর সিআইডি ও পিবিআইকে অবহিত করা হয় এবং তথ্যপ্রযুক্তি, স্থানীয় অনুসন্ধান ও বিভিন্ন তথ্য বিশ্লেষণের মাধ্যমে হত্যাকাণ্ডের তদন্ত শুরু করে পুলিশ।
পুলিশের দাবি, তদন্তের একপর্যায়ে মেরিনা বেগমের সঙ্গে গ্রেপ্তার বাবুল হোসেনের ঘনিষ্ঠ সম্পর্কের তথ্য পাওয়া যায়। তাদের মধ্যে মোবাইল ফোনে নিয়মিত যোগাযোগ ছিল এবং একপর্যায়ে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। মেরিনা বেগম বাবুলকে বিয়ের জন্য চাপ দিচ্ছিলেন বলে প্রাথমিক তদন্তে জানতে পারে পুলিশ।
পুলিশের ভাষ্য অনুযায়ী, এ পরিস্থিতিতে বাবুল হোসেন মেরিনা বেগমকে বিয়ের কথা বলে এবং ১৬ আগস্ট তাদের বিয়ে হওয়ার কথা ছিল। ওই দিন মেরিনা বাড়ি থেকে বের হওয়ার পর বাবুল হোসেন তারেক রহমানসহ আরও দুজনকে তাকে নিয়ে আসতে পাঠান।
পুলিশ জানায়, তারেকসহ অন্যরা মেরিনা বেগমকে সাহাপুর বাজার থেকে আগ্রাদ্বিগুন বাজারে নিয়ে আসেন। সেখানে বাবুল হোসেন মোটরসাইকেলে করে এসে একটি তেলের দোকান থেকে তিন লিটার পেট্রোল কেনেন। এরপর তারা মেরিনাকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলের কাছাকাছি একটি নির্জন স্থানে যান।
পুলিশের প্রাথমিক তদন্তে দাবি করা হয়েছে, সেখানে পরিকল্পিতভাবে মেরিনা বেগমকে হত্যা করা হয়। পরে তার মরদেহের পরিচয় নষ্ট করার উদ্দেশ্যে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়।
পুলিশ জানায়, মধ্যরাতের পর অতিরিক্ত পুলিশ সুপার শরীফ ও ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো. মিন্টু রহমানের নেতৃত্বে অভিযান শুরু হয়। টানা ছয় থেকে সাত ঘণ্টার অভিযানের পর প্রথমে বাবুল হোসেনকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পরে তারেক রহমানকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি বেল্ট এবং ভিকটিমের অন্যত্র ফেলে দেওয়া জুতার ব্যাগ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আরও দুজন জড়িত রয়েছে বলে প্রাথমিক তদন্তে তথ্য পেয়েছে পুলিশ। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।
পুলিশ আরও জানায়, মেরিনা বেগমের ছেলে কাউসার আলী ও স্বামী হাছেন আলী জীবিকার প্রয়োজনে কুমিল্লায় অবস্থান করছিলেন। ১৪ আগস্ট বেলা সাড়ে ১১টার দিকে মেরিনা গরুর জন্য ঘাস কাটতে বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। খবর পেয়ে ছেলে কাউসার কুমিল্লা থেকে বাড়িতে ফিরে আসেন।
এ বিষয়ে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের পক্ষ থেকে বলা হয়েছে, হত্যাকাণ্ডের পুরো ঘটনা তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনা হবে।
