
বগুড়ার শিবগঞ্জে মাদকবিরোধী অভিযানে গাঁজা ও টাপেন্টাডল ট্যাবলেটসহ চারজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গ্রেপ্তার চারজনকেই দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর ২০২৬) সন্ধ্যা ৬টার দিকে শিবগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
ডিএনসি বগুড়ার ‘খ’ সার্কেলের একটি আভিযানিক দল এবং শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমানের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযানে তাদের কাছ থেকে ২০০ গ্রাম গাঁজা ও ১০টি টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—শিবগঞ্জ উপজেলার দক্ষিণ তেলীপাড়ার মৃত শাহজাহান শেখের ছেলে মো. হৃদয় শেখ (২৬), শাহজাহানপুর উপজেলার মাণিকদে উত্তরপাড়ার সাইফুল ইসলামের ছেলে মো. মাণিক (২০), শিবগঞ্জ উপজেলার গড় মহাস্থানের শমসের আলীর ছেলে মো. আশরাফুল ইসলাম (৪৫) এবং একই এলাকার আলাউদ্দিনের ছেলে মো. গোলাম রব্বানী (৩৩)।
অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালত গ্রেপ্তার চারজনের প্রত্যেককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।
ডিএনসি সূত্রে জানা যায়, উদ্ধার করা গাঁজা ও টাপেন্টাডল ট্যাবলেট বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।
মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
