
নওগাঁর বদলগাছী উপজেলার পাহাড়পুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নুনুজ গ্রামে এক বিধবা নারীকে ধ*-র্ষণের অভিযোগ উঠেছে আলম নামের এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনার সুষ্ঠু বিচার ও অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিতে গত দুইদিন ধরে রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন স্থানীয় গ্রামবাসী।
স্থানীয়দের অভিযোগ, গত ১০ সেপ্টেম্বর নুনুজ গ্রামের ওই বিধবা নারীকে ধ-র্ষণ করেন একই এলাকার সিদ্দিকের ছেলে আলম। অভিযোগকারী ও অভিযুক্ত উভয়ের বয়স আনুমানিক ৪০ বছর বলে জানা গেছে।
স্থানীয়দের দাবি, ঘটনার পর অভিযুক্তের পরিবার অর্থ ও প্রভাব খাটিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। পরবর্তীতে বিষয়টি জানাজানি হলে এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এরপর গত দুইদিন ধরে গ্রামের নারী-পুরুষ রাস্তায় নেমে ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছেন।
গ্রামবাসীর অভিযোগ, ঘটনার বিচার দাবি করতে গেলে অভিযুক্ত আলমের ভাই বাবলু, নাজমুল ও হেলালসহ কয়েকজন স্থানীয়দের বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দেন। এতে ভুক্তভোগী নারী ও তার পরিবার আরও চাপে পড়ে যায় বলে দাবি স্থানীয়দের।
এলাকাবাসী আরও অভিযোগ করেন, ভুক্তভোগী নারী আর্থিকভাবে অসচ্ছল হওয়ায় তার অসহায়ত্বের সুযোগ নেওয়া হচ্ছে। এমনকি তার বাড়ির সামনে রাস্তা বন্ধ করে দেওয়ারও অভিযোগ উঠেছে। এ কারণে ভুক্তভোগী নারী কোনো ধরনের আইনগত পদক্ষেপ নিতে ভয় পাচ্ছেন বলেও দাবি করেন স্থানীয়রা।
এদিকে ঘটনার সুষ্ঠু তদন্ত, ভুক্তভোগী নারীর নিরাপত্তা নিশ্চিত এবং অভিযোগের সত্যতা প্রমাণিত হলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন বিক্ষোভকারী গ্রামবাসী।
স্থানীয়রা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।
তবে অভিযুক্ত আলম ও তার পরিবারের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
