
বর্ণাঢ্য আয়োজন, উৎসবমুখর পরিবেশ ও বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতির মধ্য দিয়ে বগুড়ার মোকামতলা উপজেলার স্বর্ণগ্রাম ইউনিয়নের দাড়িদহ উচ্চ বিদ্যালয় মাঠে মরহুম ডা. মহিউদ্দিন ও মরহুম খোদাবক্স মণ্ডল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে দাড়িদহ উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন মোকামতলা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহাবুব আলম মানিক।
এ সময় উপস্থিত ছিলেন মোকামতলা উপজেলা যুবদলের আহ্বায়ক রাসেল মাহমুদ সবুজ, ময়দানহাট্টা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নয়ন মণ্ডল, বিএনপি নেতা সিরাজুল ইসলাম সাজু, সুজাউদ্দৌলা সুজা, আইনুল হক, আকরামুল আহসান শাহী, শাহারুল ইসলাম, হারুনুর রশিদ, আহসান হাবীব বাবুলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, আয়োজক কমিটির সদস্য ও ক্রীড়াপ্রেমীরা।
উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় ময়দানহাট্টা ইউনিয়ন একাদশ ও স্বর্ণগ্রাম ইউনিয়ন একাদশ। খেলার শুরু থেকেই দুই দল আক্রমণ-পাল্টা আক্রমণে জমিয়ে তোলে ম্যাচ। প্রতিটি আক্রমণ ও গোলের সুযোগে দর্শকদের করতালি ও উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো মাঠ।
দুই দলের খেলোয়াড়রা জয়ের জন্য প্রাণপণ লড়াই করলেও শেষ পর্যন্ত ময়দানহাট্টা ইউনিয়ন একাদশ প্রতিপক্ষের জালে একটি গোল করতে সক্ষম হয়। গোল পরিশোধে স্বর্ণগ্রাম ইউনিয়ন একাদশ একাধিক আক্রমণ চালালেও ময়দানহাট্টার রক্ষণভাগের দৃঢ়তায় আর গোলের দেখা পায়নি।
১-০ গোলে স্বর্ণগ্রাম ইউনিয়ন একাদশকে পরাজিত করে ময়দানহাট্টা ইউনিয়ন একাদশ জয়লাভ করে। বিজয়ী দলের খেলোয়াড়দের উচ্ছ্বাসে আনন্দমুখর হয়ে ওঠে দাড়িদহ উচ্চ বিদ্যালয় মাঠ।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, মরহুম ডা. মহিউদ্দিন ও মরহুম খোদাবক্স মণ্ডলের স্মৃতিকে সম্মান জানানো এবং তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। খেলাধুলার মাধ্যমে তরুণদের মাঠমুখী করার পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও সৌহার্দ্য আরও সুদৃঢ় হবে বলে প্রত্যাশা আয়োজকদের।
