
বগুড়ার শিবগঞ্জে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে চাকু হাতে ভিডিও প্রকাশের ঘটনায় রাজ (১৬) নামে এক কিশোরকে বার্মিজ চাকুসহ আটক করেছে থানা পুলিশ।
সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শিবগঞ্জ পৌর এলাকার বেড়াবালা গ্রামে তার বসতবাড়ির পাশ থেকে তাকে আটক করা হয়। আটক রাজ ওই গ্রামের শুকুর আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শিবগঞ্জ থানা গেটসংলগ্ন শহীদ মুগ্ধ স্কয়ার চত্বরে চাকু হাতে এক কিশোরের ভিডিও ছড়িয়ে পড়ে। বিষয়টি পুলিশের নজরে এলে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান শাহিনের নির্দেশনায় থানার এসআই এরশাদ, মঞ্জয় ও উৎপল পৌর এলাকায় অভিযান চালান। পরে রাজকে তার বসতবাড়ির পাশ থেকে একটি বার্মিজ চাকুসহ আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই কিশোর একজনকে ভয় দেখানোর উদ্দেশ্যে চাকু হাতে ভিডিও ধারণ করেছে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় আটক কিশোরের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় ১৯৭৮ সালের অস্ত্র আইনে মামলা করা হয়েছে বলে জানা গেছে।
