
শেরপুরের নালিতাবাড়ীতে দুই সন্তানের জননী এক গৃহবধূকে নিয়ে মিল্কী বাড়ী আরেফিয়া দরবার শরীফের নালিতাবাড়ী উপজেলার দায়িত্বপ্রাপ্ত খলিফা মো. মিন্টু মিয়ার চলে যাওয়ার অভিযোগ উঠেছে। ওই গৃহবধূ মিন্টু মিয়ার কাছে বায়াত গ্রহণ করেছিলেন বলে দাবি করেছে তার পরিবার। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন পরিবারের সদস্যরা।
পরিবারের সদস্যদের ভাষ্য, ওই গৃহবধূর বাড়ি টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায়। তার ১৪ বছর বয়সী একটি মেয়ে ও ১১ বছর বয়সী একটি ছেলে রয়েছে। তিনি মিন্টু মিয়াকে ‘বাবা’ বলে সম্বোধন করতেন।
পরিবারের অভিযোগ, সম্প্রতি ওই গৃহবধূ মিন্টু মিয়ার সঙ্গে নালিতাবাড়ীতে আসেন। এ সময় তিনি প্রায় তিন ভরি স্বর্ণালংকার ও লক্ষাধিক টাকা সঙ্গে নিয়ে এসেছেন বলে দাবি স্বজনদের।
মিন্টু মিয়ার বাড়ি নালিতাবাড়ী পৌর শহরের চকপাড়া মহল্লায়। পরিবারের সদস্যদের অভিযোগ, তারা সেখানে গিয়ে ওই গৃহবধূর খোঁজ নিতে গেলে মিন্টু মিয়া তাকে সঙ্গে নিয়ে বাড়ির পেছনের রাস্তা দিয়ে চলে যান।
স্বজনদের দাবি, মাকে কাছে না পেয়ে ওই গৃহবধূর দুই সন্তান মানসিকভাবে ভেঙে পড়েছে। তারা ঠিকমতো খাওয়াদাওয়াও করছে না। সন্তানদের মায়ের কাছে ফিরিয়ে আনা এবং তার অবস্থান জানতে পরিবারের সদস্যরা চেষ্টা চালাচ্ছেন।
এ বিষয়ে বক্তব্য জানতে মো. মিন্টু মিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়। ফলে এ বিষয়ে তার বক্তব্য জানা সম্ভব হয়নি।
পরিবারের সদস্যরা ঘটনার প্রকৃত তথ্য উদ্ঘাটন এবং গৃহবধূ ও তার সন্তানদের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
