
বগুড়ার শিবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) দুপুর ২টা ২০ মিনিটে শিবগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, শিবগঞ্জ বড় বাজার এলাকার মৃত খোশবার আলীর ছেলে মো. আব্দুল লতিফ (৪০) এবং অর্জুনপুর এলাকার মৃত জসিম উদ্দিনের ছেলে মো. দুলু ইসলাম (৩৫)।
ডিএনসি সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়ার ‘খ’ সার্কেলের একটি আভিযানিক দল শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমানের নেতৃত্বে মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। এ সময় তাদের কাছ থেকে পাঁচ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালত দুই আসামিকে সাত দিন করে বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ৫০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন। এ সময় বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশনায় উদ্ধার করা মাদকদ্রব্য ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।
