
নিকার সভায় অনুমোদন, প্রশাসনিক কার্যক্রমে নতুন মাত্রা যোগ হওয়ার প্রত্যাশা
বগুড়ার শিবগঞ্জ থানাকে বিভক্ত করে নবসৃষ্ট মোকামতলা উপজেলায় ‘মোকামতলা থানা’ স্থাপনের অনুমোদন দিয়েছে সরকার। এর ফলে মোকামতলা এলাকার আইনশৃঙ্খলা রক্ষা ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হওয়ার প্রত্যাশা করছেন স্থানীয়রা।
সোমবার (১৬ নভেম্বর) বাংলাদেশের প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় নতুন দুটি থানা ও দুটি পৌরসভা গঠনসহ একাধিক প্রশাসনিক পুনর্বিন্যাসের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
অনুমোদিত সিদ্ধান্ত অনুযায়ী, কক্সবাজার জেলার চকরিয়া থানাকে বিভক্ত করে মাতামুহুরী উপজেলাধীন কোনাখালী ইউনিয়নের বটতলী এলাকায় ‘মাতামুহুরী থানা’ স্থাপন করা হবে। একই সঙ্গে বগুড়া জেলার শিবগঞ্জ থানাকে বিভক্ত করে নবসৃষ্ট মোকামতলা উপজেলায় ‘মোকামতলা থানা’ স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে।
নতুন থানা প্রতিষ্ঠার মধ্য দিয়ে মোকামতলা ও আশপাশের এলাকার মানুষের আইনশৃঙ্খলা-সংক্রান্ত সেবা আরও সহজলভ্য হবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি স্থানীয় পর্যায়ে নিরাপত্তা জোরদার, অপরাধ নিয়ন্ত্রণ এবং দ্রুত পুলিশি সেবা নিশ্চিত করার ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
মোকামতলা উপজেলায় নতুন থানা প্রতিষ্ঠার এ সিদ্ধান্তকে এলাকার প্রশাসনিক অবকাঠামো উন্নয়ন ও স্থানীয় মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
