
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কলসপাড় নঈমী দাখিল মাদ্রাসার বিরুদ্ধে পূর্বে দাখিল করা অভিযোগ প্রত্যাহার করেছেন অভিযোগকারীরা। প্রতিষ্ঠানের লেখাপড়ার মান উন্নয়নের স্বার্থে তারা এ সিদ্ধান্ত নিয়েছেন বলে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর দেওয়া এক লিখিত আবেদনে উল্লেখ করেছেন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) মহাপরিচালক, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর, ঢাকা বরাবর অভিযোগ প্রত্যাহারের আবেদনটি করা হয়। এতে ছয়জন অভিযোগকারীর নাম উল্লেখ রয়েছে।
আবেদনে তারা উল্লেখ করেন, কলসপাড় নঈমী দাখিল মাদ্রাসার বিরুদ্ধে আগে যেসব অভিযোগ দাখিল করা হয়েছিল, প্রতিষ্ঠানের লেখাপড়ার মান উন্নয়নের স্বার্থে তারা সেসব অভিযোগ প্রত্যাহার করছেন।
আবেদনে স্বাক্ষরকারী ব্যক্তিরা হলেন—মো. নূরে আলম সিদ্দিকি রুবেল, মো. মাহমুদুল হাসান (দাতা সদস্য সিরাজ আলীর ছেলে), মো. আব্দুস সাত্তার (ইউপি সদস্য), মো. নাজিম উদ্দিন (কলসপাড় ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক), মো. আব্দুল্লাহ আল মামুন ও মো. আমিনুল ইসলাম।
অভিযোগ প্রত্যাহারের আবেদনটির অনুলিপি শেরপুরের জেলা প্রশাসক, জেলা শিক্ষা কর্মকর্তা, নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছেও পাঠানো হয়েছে।
এ বিষয়ে কলসপাড় নঈমী দাখিল মাদ্রাসার সুপার আলহাজ্ব মো. আব্দুস সামাদ বলেন, “মূলত ভুল বোঝাবুঝির কারণে অভিযোগগুলো করা হয়েছিল। পরবর্তীতে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনার মাধ্যমে সেই ভুল বোঝাবুঝির অবসান হয়েছে। বর্তমানে বিষয়টির সমাধান হয়েছে। আমরা মাদ্রাসার শিক্ষার মানোন্নয়ন ও প্রতিষ্ঠানের সার্বিক অগ্রগতিতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই।”
