
নতুন ধানের ঘ্রাণ, নবান্নের আনন্দ আর আত্মীয়স্বজনের মিলনমেলা—গ্রামবাংলার চিরচেনা এই ঐতিহ্যকে ঘিরে বগুড়ার শিবগঞ্জ উপজেলার উথলী বাজারে বসেছে প্রায় ৩০০ বছরের ঐতিহ্যবাহী নবান্নের মাছের মেলা। মেলার প্রধান আকর্ষণ বড় বড় দেশি-বিদেশি প্রজাতির মাছ। রুই, কাতলা, বোয়াল, বিগহেড ও সিলভার কার্পসহ নানা প্রজাতির বিশাল আকৃতির মাছ কিনতে দূরদূরান্ত থেকে ছুটে আসছেন ক্রেতারা।
বুধবার (১৮ নভেম্বর) মেলা প্রাঙ্গণে সরেজমিনে দেখা যায়, বাজারের বিভিন্ন স্থানে সারি সারি মাছের দোকান বসেছে। দোকানগুলোতে সাজিয়ে রাখা হয়েছে ছোট-বড় নানা প্রজাতির মাছ। বড় আকারের মাছ দেখতে ও কিনতে ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। কেউ মাছের দাম জানতে চাইছেন, কেউ দরদাম করছেন, আবার কেউ পছন্দের মাছ কিনে বাড়ি ফিরছেন। মাছ বিক্রেতাদের হাঁকডাক আর ক্রেতাদের দরদামে মুখর হয়ে উঠেছে পুরো মেলা প্রাঙ্গণ।
মেলায় ২৫ কেজি ওজনের ব্লাড কার্প, ২০ কেজির কাতলা, ১২ কেজির রুইসহ বিশাল আকৃতির চিতল, বোয়াল ও বিগহেড মাছ ক্রেতাদের বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে। পাশাপাশি বিভিন্ন প্রজাতির মাছের পসরা সাজিয়েছেন ব্যবসায়ীরা। মেলায় এক হাজার মণেরও বেশি মাছ কেনাবেচার খবর পাওয়া গেছে।
মেলায় আকারভেদে প্রতি কেজি রুই মাছ ৪০০ থেকে ৬০০ টাকা, কাতলা ৩৫০ থেকে ৫০০ টাকা, বোয়াল ৬০০ থেকে ৭০০ টাকা, বিগহেড ৩০০ থেকে ৫০০ টাকা এবং সিলভার কার্প ২৫০ থেকে ৫০০ টাকা দরে বিক্রি হচ্ছে।
মেলায় মাছ কিনতে আসা রবিউল ইসলাম রাফি বলেন, ‘আমি প্রতি বছরই মেলায় মাছ কিনতে আসি। এবার ১১ কেজি ওজনের একটি বিগহেড মাছ সাড়ে ৫ হাজার টাকা দিয়ে কিনেছি। এই মেলা উপলক্ষে আশপাশের সবার বাড়িতে আত্মীয়স্বজন আসেন। তাঁদের আপ্যায়নের জন্য বড় মাছ কেনার আগ্রহ থাকে।’
মেলায় মাছের বেচাকেনা ভালো হলেও ব্যবসায়ীদের মধ্যে রয়েছে বড় অঙ্কের বিনিয়োগ ও লোকসানের শঙ্কা। গতবার লোকসানের মুখে পড়েও এবার নতুন আশায় লাখ লাখ টাকা বিনিয়োগ করেছেন তাঁরা।
মাছ বিক্রেতা কৃষ্ণ প্রামাণিক বলেন, ‘এবার ১০ লাখ টাকার মাছ তুলেছি। গতবার প্রায় ৩ লাখ টাকার মতো লোকসান হয়েছে। এবার আবারও আশা নিয়ে মাছ তুলেছি। বেচাবিক্রি ভালোই হচ্ছে। মেলা শেষ পর্যন্ত কী হবে, আল্লাহই ভালো জানেন।’
মাছের পাশাপাশি মেলায় বসেছে নতুন আলু, মিষ্টি আলু, বিভিন্ন ধরনের শাকসবজি ও নবান্নের মৌসুমি পণ্যের দোকান। ফলে মাছ কেনাবেচার পাশাপাশি গ্রামীণ জীবনের নানা উপকরণে মেলা হয়ে উঠেছে আরও প্রাণবন্ত।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, প্রায় ৩০০ বছর ধরে নবান্ন উৎসবকে কেন্দ্র করে উথলী বাজারে এ মেলার আয়োজন হয়ে আসছে। নতুন ধান ঘরে তোলার আনন্দে এ সময় উথলীসহ আশপাশের প্রায় ২২টি গ্রামের মানুষের মধ্যে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। বাড়িতে বাড়িতে মেয়ে-জামাই, আত্মীয়স্বজন ও প্রিয়জনদের দাওয়াত দিয়ে চলে আপ্যায়নের আয়োজন। নতুন ধানের চালের ভাতের সঙ্গে বড় মাছের নানা পদ পরিবেশন এ অঞ্চলের দীর্ঘদিনের সামাজিক ও পারিবারিক রীতি।
মেলাকে কেন্দ্র করে দূরদূরান্ত থেকে আসা মানুষের পদচারণায় মুখর হয়ে ওঠে উথলী বাজার। একদিকে বড় মাছ কেনাবেচা, অন্যদিকে আত্মীয়স্বজনের আগমন ও পারিবারিক মিলনমেলা—সব মিলিয়ে পুরো এলাকায় বিরাজ করে উৎসবের আবহ।
স্থানীয়দের কাছে এই মেলা কেবল মাছ কেনাবেচার আয়োজন নয়; এটি কয়েক শতাব্দীর গ্রামীণ ঐতিহ্য, সামাজিক সম্প্রীতি, আত্মীয়তার বন্ধন ও নবান্নের আনন্দের এক অনন্য মিলনমেলা। সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে আধুনিকতার ছোঁয়া লাগলেও পুরোনো ঐতিহ্য ধরে রেখেছে উথলীর এই নবান্নের মাছের মেলা। বছরের পর বছর নতুন প্রজন্মের কাছে গ্রামবাংলার সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরছে এই আয়োজন।
