
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ২নং নন্নী ইউনিয়নের বন্ধধারা গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে রাতের আঁধারে এক ব্যক্তির স্ত্রীর আবাদি জমির ধান কেটে নেওয়া এবং তাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ১০ জনের নাম উল্লেখ করে নালিতাবাড়ী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন মো. আশ্রাব আলী। তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত ব্যক্তিদের একজন মো. মাহাবুবুল আলম লিটন।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, আশ্রাব আলীর স্ত্রী নালিতাবাড়ী উপজেলার ২নং নন্নী ইউনিয়নের বন্ধধারা মৌজার ৮২ নম্বর খতিয়ানের ২৬৩ ও ২৬৪ নম্বর দাগে ৪৭ দশমিক ৫০ শতাংশ জমি সাফকবলা দলিলমূলে কিনে দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন। ওই জমি নিয়ে অভিযুক্ত ব্যক্তিদের সঙ্গে বিরোধ চলছিল। অভিযোগে বলা হয়, জমিটি দখলের উদ্দেশ্যে অভিযুক্ত ব্যক্তিরা আশ্রাব আলী ও তার স্ত্রীকে মারধর এবং হত্যার হুমকি দিয়ে আসছিলেন।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, ২৩ নভেম্বর দিবাগত রাত আনুমানিক ৩টা ২০ মিনিটে অভিযুক্ত ব্যক্তিরা ধারালো কাঁচি, দা, লোহার রড ও বাঁশের লাঠিসোঁটা নিয়ে ওই জমিতে যান। এ সময় তারা জমিতে রোপণ করা প্রায় ৩০ মণ কাঁচা ধান কেটে নষ্ট করেন। এতে আনুমানিক ৬০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগ করেন আশ্রাব আলী।
ধান কাটার শব্দ শুনে আশ্রাব আলী কয়েকজন সাক্ষীকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যান। সেখানে ধান কাটতে বাধা দিলে অভিযুক্ত ব্যক্তিদের সঙ্গে তার বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে তাকে গালিগালাজ ও মারধরের চেষ্টা করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে রক্ষা করেন। এ সময় অভিযুক্ত ব্যক্তিরা তাকে ও তার স্ত্রীকে হত্যার হুমকি দেন বলেও অভিযোগ করেন তিনি।
অভিযোগপত্রে অভিযোগকারী উল্লেখ করেন, ঘটনার সময় টর্চলাইটের আলোতে তিনি ও তার সঙ্গে থাকা সাক্ষীরা অভিযুক্ত ব্যক্তিদের চিনতে পারেন। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে পরামর্শ করে থানায় লিখিত অভিযোগ দেন।
অভিযোগ অস্বীকার করে মো. মাহাবুবুল আলম লিটন বলেন, “আমার নামে যে অভিযোগ করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। আমি জমিটি দলিলমূলে কিনে দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছি। আমাকে চক্রান্তমূলকভাবে ফাঁসানোর জন্য এসব করা হচ্ছে। ধান কাটার বিষয়ে আমি কিছুই জানি না। ঘটনার দিন আমি শেরপুরে ছিলাম। বাড়িতে এসে স্ত্রীর কাছে শুনেছি, আমার ক্ষেতের ধান কেটে নেওয়া হয়েছে। অথচ তারাই ধান কেটে উল্টো আমার নামে থানায় অভিযোগ করেছেন। পুলিশ বাড়িতে এসে ধান কেটে আনার কোনো ধান বা আলামত পায়নি।”
