Oplus_131072
আনোয়ার উল্লাহ শরীফ
জনগণের কন্ঠ প্রতিনিধি (চরফ্যাশন,ভোলা)
ভোলা জেলার চরফ্যাশন উপজেলায় বঙ্গোপসাগরে প্রচন্ড ঝড়ের কবলে পড়ে একটি মাছ ধরার ট্রলার ডুবে যায়। এ ঘটনায় সাতজন জেলেকে জীবিত উদ্ধার করা গেলেও একজন জেলে এখনও নিখোঁজ রয়েছেন।
সোমবার (১ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে হঠাৎ প্রচন্ড ঝড় হওয়ার ফলে এ দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ জেলে মো. মিজানুর রহমান (৪০) রহিজলের ছেলে। তিনি উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
ট্রলারের মাঝি বলেন, আমরা রবিবার (৩১ আগস্ট) সন্ধ্যায় আটজন জেলেকে নিয়ে সাগরে মাছ ধরতে বের হয়ে জাল ফেলার পর সেটি তুলতে গেলে সোমবার রাত ১২ টার দিকে হঠাৎ প্রচন্ড ঝড় শুরু হয়। উক্ত প্রচন্ড ঝড়ের কবলে পড়ে আমাদের ট্রলারটি ডুবে যাওয়ার পর, দীর্ঘ সময় আমরা পানিতে থাকি, ঘন্টা দু’য়েক পর অন্য ট্রলারের সহায়তায় সাতজনকে উদ্ধার করা সম্ভব হলেও মিজানকে আমরা খুঁজে পাইনি। এদিকে জেলের নিখোঁজের খবর শুনে পরিবারে শোকের ছায়া নেমে আসে।
সামরাজ ঘাটের ব্যবসায়ীরা বলেন, বিষয়টি আমারা উপজেলা মৎস্য কর্মকর্তাকে অবহিত করেছি।
এছাড়াও চরফ্যাশন উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু বলেন, খবর পেয়ে আমরা খোঁজখবর নিচ্ছি। নিখোঁজ জেলেকে উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
- জনগণের কন্ঠ.কম