- আনোয়ার উল্লাহ শরিফ
- জনগণের কণ্ঠ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫
দীর্ঘ ৪০ বছর শিক্ষকদের দাবির প্রেক্ষিতে দেশের সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলোকে সরকার জাতীয়করণের ঘোষণা দেন। সে অনুযায়ী প্রথম পর্যায়ে প্রয়োজনীয় কাগজ যাচাই বাছাই শেষে এক হাজার ৯০ টি মাদ্রাসা এমপিওকরণের জন্য চূড়ান্ত করে ফাইলগুলোকে গত ৩১ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগ থেকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠানো হয়েছে। কিন্তু শিক্ষকরা অভিযোগ করেন দীর্ঘ ৪০ দিনেও সেই ফাইলটিতে স্বাক্ষর করা হয়নি। আগামী শনিবারের মধ্যে এই ফাইলে স্বাক্ষর করা না হলে রোববার থেকে ঢাকায় লাগাতার অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি ও স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয় সমন্বয় কমিটির সমন্বয়কারী শেখ নজরুল ইসলাম মাহবুব এই ঘোষণা দিয়েছেন।
তারা বলেন, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার ফাইলগুলো স্বাক্ষর না হওয়ায় শিক্ষকরা মারাত্মক উৎকণ্ঠায় রয়েছেন। এ অবস্থায় গত ৮ সেপ্টেম্বর আমরা প্রধান উপদেষ্টা বরাবর একটি আবেদন করেছি। যদি ১৩ সেপ্টেম্বরের মধ্যে ফাইল সাক্ষর না হয় তাহলে ১৪ সেপ্টেম্বর থেকে শিক্ষক, ছাত্র, অভিবাবকদের নিয়ে জাতীয় প্রেসক্লাবে অবস্থান ধর্মঘট সহ আইনি প্রক্রিয়া গ্রহণ করা হবে।
তিনি আরো বলেন,এমতাবস্থায় আমরা বাধ্য হয়ে রোববার বেলা ১১ টায় ঢাকা জাতীয় প্রেসক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচির ডাক দিয়েছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে।