Oplus_131072
তাওহিদুজ্জামান রোমান
সহ-সম্পাদক | জনগণের কন্ঠ
পাবনা শহরের সেন্ট্রাল হাসপাতালে এক নারী রোগীকে যৌন হয়রানির অভিযোগে হাসপাতালের তিন কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তাররা হলেন—পাবনা সদর উপজেলার গাছপাড়া এলাকার আবুল হোসেন (৩০), ভাঙ্গুড়া উপজেলার আব্দুল্লাহ আল মামুন (২৪) এবং পাবনা পৌরসদরের চক পৈলানপুর এলাকার মোত্তাকিন বিশ্বাস (৩৭)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (১৮ অক্টোবর) রাতে পাবনা শহরের সদর হাসপাতাল সংলগ্ন সেন্ট্রাল হাসপাতালে এক নারী রোগীর সিজারিয়ান অপারেশন হয়। অপারেশনের পর রোগীকে ওয়ার্ডে নেওয়ার সময় হাসপাতালের এক কর্মী তাকে যৌন হয়রানি করে বলে অভিযোগ করেন ওই নারী রোগী।
এ সময় ভুক্তভোগীর স্বজনেরা প্রতিবাদ করলে হাসপাতালের কর্মীদের সঙ্গে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে উভয়পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে। খবর পেয়ে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের ছাত্ররাও ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভ ও ভাঙচুর চালায়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিনজনকে আটক করে থানায় নিয়ে যায়।
ঘটনার পর জেলা প্রশাসক ও সিভিল সার্জনের নির্দেশে হাসপাতালটির সব কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, ভুক্তভোগী নারীর স্বামী মোমিন সরদার বাদী হয়ে রোববার সকালে মামলা দায়ের করেছেন। আটক তিন কর্মীকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।