Oplus_131072
তাওহিদুজ্জামান রোমান | শেরপুর জেলা প্রতিনিধি
বাঙালির গৌরবদীপ্ত মহান বিজয় দিবস আজ। সারাদেশের ন্যায় শেরপুরের নালিতাবাড়ীতেও বিনম্র শ্রদ্ধা ও গভীর কৃতজ্ঞতার মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দিবসটির সূচনা হয় প্রথম প্রহরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে নালিতাবাড়ী শহীদ মিনার স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
শ্রদ্ধা নিবেদন করেন নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা আফরিন, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফসান আল আলম, নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
এ সময় উপজেলা বিএনপি, শহর বিএনপি ও তাদের অঙ্গ ও সহযোগী সংগঠন, প্রেসক্লাব নালিতাবাড়ীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
এছাড়াও সচেতন নাগরিক কমিটি (সনাক) নালিতাবাড়ী, সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান এবং সর্বস্তরের জনগণ শহীদ মিনারে ফুল দিয়ে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
পরে শহীদ মিনার মঞ্চে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষে সকাল ৮টায় তারাগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে সমাবেশ ও বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।
এ সময় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয় এবং জাতির শান্তি, সমৃদ্ধি ও দেশের সার্বিক উন্নয়ন কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে রচনা ও আবৃত্তি প্রতিযোগিতা, আলোচনা সভাসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়। এসব অনুষ্ঠানে বক্তারা মহান মুক্তিযুদ্ধের ইতিহাস, বীর শহীদদের আত্মত্যাগ এবং বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরেন।