
গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অভিযোগের তদন্ত শেষে শেরপুরের নালিতাবাড়ী উপজেলা ওলামা দলের আহ্বায়ক ক্বারী মো. আব্দুল্লাহকে স্বপদে পুনর্বহাল করা হয়েছে। গত সেপ্টেম্বরের প্রথম দিকে তাকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছিল।
গত ৫ অক্টোবর শেরপুর জেলা ওলামা দলের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জেলা ওলামা দলের আহ্বায়ক আলহাজ হাফেজ হাফিজুর রহমান খোকন, যুগ্ম আহ্বায়ক হাফেজ ক্বারী মাওলানা আব্দুর রহমান ও সদস্যসচিব আলহাজ ক্বারী নওশেদ আলী স্বাক্ষর করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলা ওলামা দলের যুগ্ম আহ্বায়ক ক্বারী মো. আব্দুল্লাহর বিরুদ্ধে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন অভিযোগ তদন্ত কমিটির মাধ্যমে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে তদন্ত করা হয়েছে। তদন্তে অভিযোগগুলো মিথ্যা ও ভিত্তিহীন প্রমাণিত হওয়ায় তদন্ত কমিটির সুপারিশ এবং জেলা শাখার আহ্বায়ক ও সদস্যসচিবের সিদ্ধান্ত অনুযায়ী তার বিরুদ্ধে দেওয়া অব্যাহতির আদেশ প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে তাকে আগের পদে পূর্ণ মর্যাদায় পুনর্বহাল করা হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, অভিযোগের বিষয়ে কয়েক দফায় পৃথক তদন্ত কমিটি গঠন করে তদন্ত করা হয়। তদন্তসংশ্লিষ্ট ব্যক্তিদের ভাষ্য, অভিযোগের পক্ষে যথেষ্ট তথ্য-প্রমাণ পাওয়া যায়নি। তাদের দাবি, কিছু বিষয় মৌখিক আলোচনা ও লোকমুখে ছড়িয়ে পড়া কথার ভিত্তিতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছিল।
তদন্তসংশ্লিষ্ট ব্যক্তিরা আরও বলেন, ক্বারী আব্দুল্লাহর সাংগঠনিক কর্মকাণ্ড, একটি মাদ্রাসা পরিচালনা এবং আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা ঘিরে বিরোধের জেরে তার বিরুদ্ধে এসব অভিযোগ ছড়ানো হয়ে থাকতে পারে।
এর আগে ক্বারী আব্দুল্লাহর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে বলাৎকারের অভিযোগ ছড়িয়ে পড়লে জেলা ওলামা দল তাকে সাময়িকভাবে অব্যাহতি দেয়। পরে অভিযোগের বিষয়ে তদন্ত শুরু করা হয়। তদন্ত শেষে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি উল্লেখ করে তাকে স্বপদে পুনর্বহাল করা হয়।
