মো: গোলাম রব্বানী তালুকদার, বগুড়া:-শিক্ষার মানোন্নয়ন, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ প্রদান এবং প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে বগুড়ার শিবগঞ্জে দি ব্রিলিয়্যান্ট এসোসিয়েশনের উদ্যোগে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার নির্ধারিত পরীক্ষা কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এ বছর বৃত্তি পরীক্ষায় শিবগঞ্জ উপজেলার মোট ৩৮টি সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের চতুর্থ থেকে নবম শ্রেণীর মোট ১ হাজার ৭৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। বিপুলসংখ্যক শিক্ষার্থীর অংশগ্রহণে পরীক্ষা কেন্দ্রগুলোতে ছিল উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশ। শিক্ষার্থীদের মাঝে ছিল ব্যাপক আগ্রহ ও উদ্দীপনা।
পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্তভাবে আয়োজনের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণ করা হয়। প্রতিটি কেন্দ্রেই দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ও স্বেচ্ছাসেবকরা নিয়মিত তদারকি করেন। পরীক্ষা কেন্দ্রের সার্বিক তত্ত্বাবধানে কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন তাজুল ইসলাম। পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্বে ছিলেন এনামুল হক এবং সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে দায়িত্ব পালন করেন সরোয়ার হোসেন রুবেল। তাদের দক্ষ ব্যবস্থাপনায় পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন হয়।
দি ব্রিলিয়্যান্ট এসোসিয়েশনের আয়োজকরা জানান, শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ানো, মেধার যথাযথ মূল্যায়ন এবং আর্থিকভাবে অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের সহযোগিতার লক্ষ্যেই এই বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে। তারা আরও জানান, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পড়াশোনার ধারাবাহিক অগ্রগতি নিশ্চিত করতে ভবিষ্যতে নানা শিক্ষাবান্ধব কার্যক্রম গ্রহণ করা হবে।
পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের অভিভাবকরাও এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এমন বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়ায় এবং পড়ালেখার প্রতি আরও মনোযোগী হতে অনুপ্রাণিত করে। তারা নিয়মিতভাবে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।
সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা সম্পন্ন হওয়ায় আয়োজক কমিটির পক্ষ থেকে সংশ্লিষ্ট শিক্ষক, অভিভাবক, স্বেচ্ছাসেবক এবং প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।