তাওহিদুজ্জামান রোমান | শেরপুর জেলা প্রতিনিধি
ভোটের সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে শেরপুর-২ (নকলা–নালিতাবাড়ী) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বাড়ছে রাজনৈতিক তৎপরতা। এ প্রেক্ষাপটে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মু. গোলাম কিবরিয়া ভিপি নিয়মিত গণসংযোগ ও পথসভায় অংশ নিয়ে নির্বাচনী মাঠে সক্রিয় উপস্থিতি জানান দিচ্ছেন।
নকলা ও নালিতাবাড়ী উপজেলার গ্রামাঞ্চল, পাড়া-মহল্লা, হাটবাজার ও জনসমাগমপূর্ণ এলাকায় ধারাবাহিক প্রচারণার মাধ্যমে সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করছেন তিনি। তার প্রচার কার্যক্রমে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ লক্ষ্য করা যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে নালিতাবাড়ী পৌর এলাকার বিভিন্ন বাজার ও মহল্লায় গণসংযোগ করেন মু. গোলাম কিবরিয়া ভিপি। এ সময় তিনি দাঁড়িপাল্লা প্রতীকে ভোট প্রার্থনা করেন। নেতাকর্মীদের উপস্থিতিতে এলাকাজুড়ে নির্বাচনী পরিবেশ প্রাণবন্ত হয়ে ওঠে।
গণসংযোগকালে তিনি এলাকার দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও অনিয়মের সমালোচনা করেন। বক্তব্যে তিনি বলেন, জনগণের সমর্থন পেলে ন্যায়বিচার ও সুশাসনের মাধ্যমে শেরপুর-২ আসনকে একটি পরিকল্পিত ও উন্নয়নমুখী জনপদে রূপান্তর করার উদ্যোগ নেওয়া হবে।
তিনি শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ এবং যুবসমাজকে মাদকমুক্ত রাখার বিষয়ে অগ্রাধিকার দেওয়ার কথা জানান। একই সঙ্গে তিনি বলেন, জামায়াতে ইসলামীর রাজনীতি ক্ষমতা অর্জনের চেয়ে জনকল্যাণকে বেশি গুরুত্ব দেয়।
গণসংযোগে অংশ নেওয়া কয়েকজন ভোটার জানান, প্রার্থীর বক্তব্য ও রাজনৈতিক অবস্থান তাদের দৃষ্টি আকর্ষণ করেছে। ভোটের দিন যত এগিয়ে আসছে, নির্বাচনী মাঠে তার সক্রিয়তা ততই বাড়ছে বলে তারা মন্তব্য করেন।
এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী নালিতাবাড়ী উপজেলা শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।