শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় প্রাইভেটে যাওয়ার পথে জ্যোতি রানী বর্মন (১৫) নামে এক স্কুলছাত্রী নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় তার বাবা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
নিখোঁজ জ্যোতি রানী বর্মন উপজেলার খলিশাকুড়া গ্রামের বাসিন্দা শ্রী জগদানন্দ বর্মনের মেয়ে। তিনি আন্ধারুপাড়া উচ্চ বিদ্যালয়-এর দশম শ্রেণির ছাত্রী।
জিডি সূত্রে জানা গেছে, গত ১ মার্চ ২০২৬ তারিখে সকাল আনুমানিক ৯টার দিকে জ্যোতি রানী প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। তিনি নালিতাবাড়ী থানাধীন আড়াইআনী বাজার এলাকায় জনৈক মোঃ শেখ ফরিদ মিয়ার বাসায় প্রাইভেট পড়তেন। বিকেল আনুমানিক ৪টার দিকে বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন।
পরবর্তীতে জ্যোতির বাবা শেখ ফরিদের সঙ্গে ফোনে যোগাযোগ করলে তিনি জানান, ওই দিন জ্যোতি প্রাইভেটে যাননি। এরপর আত্মীয়স্বজন ও সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ ছাত্রীর ব্যবহৃত মোবাইল ফোন নম্বর ০১৩৩৪১৭২৫১৯ বর্তমানে বন্ধ রয়েছে।
এই ঘটনায় ২ মার্চ ২০২৬ তারিখে নালিতাবাড়ী থানায় সাধারণ ডায়েরি দায়ের করেছেন জগদানন্দ বর্মন। জিডিতে উল্লেখ করা হয়েছে, তার মেয়ে সকাল ৯টা থেকে বিকেল ৪টার মধ্যে কোনো এক সময় নিখোঁজ হয়েছেন। তিনি থানাকে বিষয়টি সাধারণ ডায়েরিভুক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করেছেন।
জিডিতে দেওয়া বর্ণনা অনুযায়ী, জ্যোতির গায়ের রং ফর্সা, উচ্চতা আনুমানিক ৫ ফুট ২ ইঞ্চি, মুখমণ্ডল গোলাকার এবং চুল কালো।
পরিবার জানিয়েছে, কেউ তার সন্ধান পেলে ০১৮৪২-০৩৯৩৭৭, ০১৮৫২-৭৩৩৫৫৫ অথবা ০১৩৩৪-১৭২৫৯৫ নম্বরে যোগাযোগ করবেন।
নালিতাবাড়ী থানা সূত্রে জানা গেছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।