তাওহিদুজ্জামান (রোমান), নিজস্ব প্রতিবেদক
জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় আয়োজিত প্রতিযোগিতায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছেন সমশ্চূড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ছাইফুল ইসলাম।
মঙ্গলবার (৩ মার্চ) উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা আফরিন নির্বাচিত প্রধান শিক্ষককে সনদ ও সম্মাননা প্রদান করেন।
এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. চাঁন মিয়া, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. শাহজাহানসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পুরস্কার গ্রহণের পর অনুভূতি প্রকাশ করে ছাইফুল ইসলাম জনগণের কন্ঠ’কে বলেন, এই সম্মান শুধু আমার একার নয়, এটি আমার সহকর্মী শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফল। ভবিষ্যতেও শিক্ষার মানোন্নয়নে আরও দায়িত্বশীলভাবে কাজ করে যেতে চাই।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে নির্ধারিত মানদণ্ডের ভিত্তিতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রধানদের মূল্যায়ন করা হয়। সার্বিক দক্ষতা, শিক্ষাব্যবস্থাপনা ও একাডেমিক সাফল্যের বিবেচনায় মো. ছাইফুল ইসলাম শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে নির্বাচিত হন।