তাওহিদুজ্জামান রোমান | শেরপুর জেলা প্রতিনিধি
দারিদ্র্য বিমোচনে প্রযুক্তিনির্ভর সমন্বিত সম্পদ ব্যবস্থাপনা ‘ইমপ্যাক্ট-৩য় পর্ব (২য় সংশোধিত)’ প্রকল্পের আওতায় শেরপুরের নালিতাবাড়ীর বায়োগ্যাস পল্লীতে ‘বায়োগ্যাস প্লান্ট স্থাপনে উদ্বুদ্ধকরণ’ বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নন্নী ইউনিয়নের ‘শহীদ সামাদ বালিকা উচ্চ বিদ্যালয়’ প্রাঙ্গণে আয়োজিত এ প্রশিক্ষণের উদ্বোধন করেন যুব উন্নয়ন অধিদপ্তর-এর মহাপরিচালক ড. গাজী মো. সাইফুজ্জামান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেরপুর জেলা যুব উন্নয়ন কার্যালয়ের উপপরিচালক মো. নুরুজ্জামান চৌধুরী, সহকারী উপপরিচালক মো. সাইফুল ইসলাম, নালিতাবাড়ী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আনোয়ারুল কবির, সিনিয়র প্রশিক্ষক (কম্পিউটার) মো. শহিদুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু সাঈদ এবং নন্নী ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মো. নজরুল ইসলাম।
এছাড়া ‘ইমপ্যাক্ট-৩য় পর্ব (ফেজ-৩)’ প্রকল্পের আওতায় শেরপুর জেলা যুব উন্নয়ন কার্যালয়ের ক্রেডিট অ্যান্ড মার্কেটিং অফিসার মাহমুদা পারভীন, বায়োগ্যাস সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল মনসুর, কমিউনিটি সুপারভাইজার আহাদ আলী ও শান্ত চন্দ্র বর্মণ উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণে মোট ৩০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। কর্মশালায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনের প্রয়োজনীয়তা, কারিগরি প্রক্রিয়া, পরিবেশবান্ধব জ্বালানি উৎপাদন এবং গ্রামীণ অর্থনীতিতে এর সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
আয়োজকরা জানান, নালিতাবাড়ীর নন্নী ইউনিয়নকে ‘বায়োগ্যাস পল্লী’ হিসেবে ঘোষণা করা হয়েছে। এ ঘোষণার মাধ্যমে এলাকায় বিকল্প জ্বালানি ব্যবহারের সচেতনতা বৃদ্ধি এবং টেকসই উন্নয়ন কার্যক্রমের সুযোগ তৈরি হবে।
আয়োজকরা আরও জানান, বিকল্প জ্বালানির ব্যবহার বৃদ্ধি, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং গ্রামীণ জনগোষ্ঠীকে টেকসই উন্নয়ন কার্যক্রমে সম্পৃক্ত করাই এ প্রশিক্ষণের মূল লক্ষ্য। দ্বিতীয় দিনে অংশগ্রহণকারীদের হাতে-কলমে ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হবে।