তাওহিদুজ্জামান (রোমান)
নিজস্ব প্রতিবেদক | জনগণের কন্ঠ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেরপুর-জামালপুর সংরক্ষিত নারী আসন নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। সম্ভাব্য প্রার্থীদের তালিকায় আলোচনায় উঠে এসেছে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-মহিলা বিষয়ক সম্পাদক পারভেছুন নাহার নিপুর নাম।
দলীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি দলীয় রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের পাশাপাশি তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখায় স্থানীয় পর্যায়ে তার একটি গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে।
স্থানীয় রাজনৈতিক মহলের অনেকে মনে করছেন, আসন্ন জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য সম্ভাব্য প্রার্থীদের আলোচনায় পারভেছুন নাহার নিপুর নাম রয়েছে। তবে এ বিষয়ে দলীয়ভাবে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দল যদি তৃণমূল থেকে উঠে আসা সক্রিয় ও পরীক্ষিত নেত্রীদের মূল্যায়ন করে, তাহলে পারভেছুন নাহার নিপুর মতো নেত্রীরাও মনোনয়নের দৌড়ে এগিয়ে থাকতে পারেন।
এ বিষয়ে পারভেছুন নাহার নিপু জনগণের কন্ঠ’কে বলেন, দল যদি তাকে দায়িত্ব দেয়, তাহলে শেরপুর ও জামালপুর জেলার মানুষের উন্নয়ন এবং নারী ক্ষমতায়নে কাজ করতে চান।
তিনি বলেন, শেরপুর একটি পিছিয়ে পড়া জেলা। এটিকে আধুনিক ও উন্নত জেলায় পরিণত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি আরও জানান, সুযোগ পেলে শিক্ষা, স্বাস্থ্য ও নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের মতো বিষয়গুলোকে অগ্রাধিকার দিয়ে কাজ করবেন।