তাওহিদুজ্জামান রোমান
নিজস্ব প্রতিবেদক | জনগণের কন্ঠ
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নন্নী ইউনিয়নে অবস্থিত নবজাগরণ একাডেমির উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৮ মার্চ) একাডেমি প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন। মাহফিলে পবিত্র রমজান মাসের তাৎপর্য তুলে ধরে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।
নবজাগরণ একাডেমির প্রিন্সিপাল মিজানুর রহমান বলেন, পবিত্র রমজান আত্মশুদ্ধি, সংযম ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার মাস। এ মাসে পারস্পরিক সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধির মাধ্যমে সমাজে নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠা করা সম্ভব। শিক্ষার্থীদের নৈতিক ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি পরিবার ও সমাজের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মাঝে ধর্মীয় অনুশাসন, শৃঙ্খলা ও পারস্পরিক সম্প্রীতি গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখে। অনুষ্ঠান শেষে উপস্থিত সবার মাঝে ইফতার পরিবেশন করা হয়।