তাওহিদুজ্জামান (রোমান)
নিজস্ব প্রতিবেদক, জনগণের কন্ঠ
শেরপুরের নালিতাবাড়ীতে অবৈধভাবে বালু পরিবহনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে ৩ লাখ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।
শনিবার (১৪ মার্চ) নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা আফরিনের নেতৃত্বে বিজিবির সহযোগিতায় অভিযান পরিচালিত হয়। অভিযানে অবৈধভাবে বালু পরিবহনের সময় ৬টি ট্রলি গাড়ি আটক করা হয়।
এ সময় বালু ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০২৩ (সংশোধিত) এর ৪ ধারা লঙ্ঘনের দায়ে ১৫ ধারায় ৪টি মামলায় মোট ৩ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জব্দকৃত বালু সংরক্ষণের জন্য বিজিবির বৈশাখীবাজার ক্যাম্প কমান্ডারের জিম্মায় রাখা হয়েছে।
নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা আফরিন বলেন, পরিবেশ রক্ষা ও অবৈধ বালু উত্তোলন প্রতিরোধে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।