
তাওহিদুজ্জামান রোমান
নিজস্ব প্রতিবেদক, জনগণের কণ্ঠ
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। উপজেলার হাজী সাইজউদ্দিন ফিলিং স্টেশনে পেট্রোল, অকটেন ও ডিজেলের মজুত শেষ হয়ে যাওয়ায় গত বৃহস্পতিবার (২৬ মার্চ) রাত থেকে টানা দুই দিন ধরে স্টেশনটির কার্যক্রম বন্ধ রয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন স্থানীয় যানবাহন চালক ও সাধারণ মানুষ।
স্টেশন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে পেট্রোল ও অকটেনের শেষ মজুত বিক্রি হয়ে যায়। একই রাতে ডিজেলও ফুরিয়ে যায়। ফলে মোটরসাইকেল, ব্যক্তিগত গাড়ি, বাস ও পণ্যবাহী ট্রাকসহ সব ধরনের যানবাহনের চালকেরা জ্বালানি সংগ্রহে সমস্যায় পড়েছেন।
জ্বালানি সংকটের কারণে অনেক চালক দূরের ফিলিং স্টেশন থেকে তেল সংগ্রহ করতে বাধ্য হচ্ছেন, এতে সময় ও ব্যয় দুটিই বাড়ছে।
ফিলিং স্টেশন কর্তৃপক্ষ জানায়, জ্বালানি সরবরাহের জন্য সংশ্লিষ্ট ডিপোতে চাহিদাপত্র পাঠানো হয়েছে। তবে নতুন তেল কবে আসবে, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। আগামী রোববারের আগে সরবরাহ স্বাভাবিক হওয়ার সম্ভাবনা কম বলে জানানো হয়েছে।
স্থানীয় বাসিন্দারা দ্রুত জ্বালানি সরবরাহ স্বাভাবিক করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
