
তাওহিদুজ্জামান রোমান
শেরপুর জেলা প্রতিনিধি | জনগণের কন্ঠ
শেরপুরের নালিতাবাড়ীতে স্বাস্থ্য বিভাগের অনুমোদন ছাড়াই সিজারিয়ান অপারেশনসহ বিভিন্ন চিকিৎসাসেবা পরিচালনার অভিযোগে ‘মায়ান জেনারেল হাসপাতাল’ নামে একটি বেসরকারি প্রতিষ্ঠান সিলগালা করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। একই সঙ্গে ওই হাসপাতালে চিকিৎসা নেওয়া এক প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
রোববার (২৯ মার্চ) বিকেলে নালিতাবাড়ী পৌর শহরের উত্তর বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে হাসপাতালটি সিলগালা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা সিভিল সার্জন ডা. মো. শাহীন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা আফরিন এবং ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হুমায়ন আহমেদ নূরসহ সংশ্লিষ্টরা।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, নির্লব হাসান মিন্টু নামে এক ব্যক্তি দীর্ঘদিন ধরে একটি ভাড়া করা ভবনে ‘মায়ান জেনারেল হাসপাতাল’ পরিচালনা করে আসছিলেন। প্রয়োজনীয় সরকারি অনুমোদন ছাড়াই সেখানে সিজারিয়ান অপারেশনসহ বিভিন্ন চিকিৎসাসেবা দেওয়া হচ্ছিল বলে অভিযোগ রয়েছে। এসব অভিযোগের ভিত্তিতে জেলা স্বাস্থ্য বিভাগ অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটি সিলগালা করে।
এদিকে গত শুক্রবার (২৭ মার্চ) বিকেলে আকলিমা বেগম (৩৬) নামে এক প্রসূতির সিজারিয়ান অপারেশন করা হয় ওই হাসপাতালে। অপারেশনের কিছুক্ষণ পরই তিনি অসুস্থ হয়ে পড়লে প্রথমে ময়মনসিংহে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে শনিবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহতের পরিবারের অভিযোগ, ভুল চিকিৎসার কারণেই আকলিমা বেগমের মৃত্যু হয়েছে। ঘটনার পর শনিবার বিকেল থেকেই হাসপাতালটি বন্ধ রাখে কর্তৃপক্ষ।
এ বিষয়ে জেলা সিভিল সার্জন ডা. মো. শাহীন বলেন, অনুমোদনহীনভাবে চিকিৎসাসেবা প্রদান এবং সিজারিয়ান অপারেশন পরিচালনার অভিযোগে প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়েছে। প্রসূতি মৃত্যুর ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, তদন্তে দোষ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
