
আন্তর্জাতিক বিমানবন্দর ও ফ্লাইং একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা
বগুড়া এয়ারফিল্ড ও সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আফরোজা খানম, প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
বৃহস্পতিবার (৭ মে) অনুষ্ঠিত এ পরিদর্শনে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। এ সময় তারা বগুড়া এয়ারফিল্ডের অবকাঠামো, সম্ভাবনা ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন।
পরিদর্শনকালে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নির্দেশনায় বগুড়ায় আন্তর্জাতিক মানের বিমানবন্দর প্রতিষ্ঠার লক্ষ্যে সরকার কাজ করছে। দেশের উত্তরাঞ্চলে কোনো আন্তর্জাতিক বিমানবন্দর না থাকায় বগুড়াকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও জানান, বগুড়ায় একটি আধুনিক ফ্লাইং একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনাও রয়েছে। এ একাডেমিতে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ বেসামরিক বৈমানিক তৈরি করা হবে, যা দেশের বিমান চলাচল খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ সময় বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন বলেন, পরিকল্পনাগুলো বাস্তবায়িত হলে দেশের অর্থনৈতিক অগ্রগতি ত্বরান্বিত হওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট অঞ্চলে কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে। একই সঙ্গে দেশের আকাশসীমা সুরক্ষায় সামরিক সক্ষমতাও আরও শক্তিশালী হবে।
তিনি আরও আশা প্রকাশ করেন, সরকারের সহায়তায় অদূর ভবিষ্যতে বগুড়ায় একটি নতুন বিমান ঘাঁটি প্রতিষ্ঠা করা সম্ভব হবে, যেখানে অত্যাধুনিক যুদ্ধবিমান সংযোজন করা হবে। এছাড়াও বাংলাদেশ বিমান বাহিনী ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে প্রস্তাবিত ফ্লাইং একাডেমি প্রতিষ্ঠায় বাংলাদেশ বিমান বাহিনী সার্বিক সহযোগিতা প্রদান করবে বলেও জানান তিনি।
পরিদর্শনকালে স্থানীয় সংসদ সদস্যবৃন্দ, বেবিচক (বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ)-এর সচিব ও চেয়ারম্যান, বগুড়ার পুলিশ সুপারসহ সামরিক ও বেসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
