
বগুড়ায় মোকামতলা উপজেলা গঠনে আনন্দ-উচ্ছ্বাসে ভাসছে জনপদ
বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) বৈঠকে অনুমোদন পেয়েছে বগুড়ার বহুল আলোচিত মোকামতলা উপজেলা গঠনের প্রস্তাব। এই ঘোষণার পর থেকেই পুরো মোকামতলা অঞ্চলজুড়ে বইছে আনন্দের বন্যা। সাধারণ মানুষ, ব্যবসায়ী, শিক্ষক, শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষের মধ্যে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। দীর্ঘদিনের প্রাণের দাবি পূরণ হওয়ায় স্থানীয়রা একে ঐতিহাসিক অর্জন হিসেবে দেখছেন।
জানা গেছে, বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের সঙ্গে আরও চারটি ইউনিয়নের সমন্বয়ে নতুন এই উপজেলা গঠনের প্রস্তাব বৃহস্পতিবার সন্ধ্যায় অনুষ্ঠিত নিকার বৈঠকে নীতিগত অনুমোদন পায়। মাননীয় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, খুব শিগগিরই প্রয়োজনীয় প্রজ্ঞাপন জারি এবং প্রশাসনিক কার্যক্রম শুরু হতে পারে।
স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরে প্রশাসনিক সেবা পেতে শিবগঞ্জ উপজেলা সদর পর্যন্ত যেতে গিয়ে নানা ভোগান্তির শিকার হতে হতো সাধারণ মানুষকে। নতুন উপজেলা বাস্তবায়িত হলে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ভূমি ব্যবস্থাপনা, আইনশৃঙ্খলা, সামাজিক নিরাপত্তা ও নাগরিক সেবাসহ সরকারি বিভিন্ন কার্যক্রম আরও দ্রুত ও সহজভাবে মানুষের দোরগোড়ায় পৌঁছে যাবে। এতে সময় ও ব্যয়—উভয়ই কমবে।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি বলেন,
“মোকামতলাবাসীর বহুদিনের লালিত স্বপ্ন ছিল একটি স্বতন্ত্র উপজেলা। আজ সেই স্বপ্ন বাস্তবে রূপ নিতে যাচ্ছে। এজন্য মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি মোকামতলাবাসীর পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই।”
তিনি আরও বলেন,
“মোকামতলা উপজেলা বাস্তবায়িত হলে এটি উত্তরাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক, অর্থনৈতিক ও বাণিজ্যিক কেন্দ্রে পরিণত হবে। ব্যবসা-বাণিজ্য, যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়নে নতুন গতি সৃষ্টি হবে।”
স্থানীয় সচেতন মহল মনে করছে, নতুন উপজেলা গঠনের ফলে এ অঞ্চলে সরকারি ও বেসরকারি বিনিয়োগ বাড়বে, সৃষ্টি হবে নতুন কর্মসংস্থানের সুযোগ। পাশাপাশি স্বাস্থ্যসেবা, শিক্ষা প্রতিষ্ঠান, সড়ক যোগাযোগ ও নাগরিক সুবিধার ব্যাপক উন্নয়ন ঘটবে। ফলে সামগ্রিকভাবে বদলে যাবে মোকামতলা অঞ্চলের আর্থ-সামাজিক চিত্র।
এদিকে নিকার বৈঠকে অনুমোদনের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে শুভেচ্ছা ও অভিনন্দনের জোয়ার। প্রধানমন্ত্রী তারেক রহমান ও প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপিকে ধন্যবাদ জানিয়ে অসংখ্য পোস্ট ও স্ট্যাটাস দিচ্ছেন স্থানীয় বাসিন্দারা। অনেকেই এটিকে “মোকামতলাবাসীর ঐতিহাসিক বিজয়” এবং “উন্নয়নের নতুন দিগন্তের সূচনা” বলে মন্তব্য করেছেন।
