
বগুড়ার শিবগঞ্জ উপজেলার মাঝিহট্ট ইউনিয়নের ছাতড়া মাতালপাড়া গ্রামে ডাকাতির সময় এলাকাবাসীর গণপিটুনিতে এক ডাকাত নিহত হয়েছে। বৃহস্পতিবার দিবাগত ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা গোপাল চন্দ্র সাহা জানান, কয়েকদিন আগে তার ছেলে সুজন সাহার দোকানে চুরি হয়। ওই সময় চোরেরা দোকানের মালামাল ও নগদ টাকা নিয়ে যায়। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দিবাগত ভোরে একদল সশস্ত্র ডাকাত তাদের বাড়িতে প্রবেশ করে। অস্ত্রের মুখে সোনাদানা ও নগদ টাকা লুট করে পালিয়ে যাওয়ার সময় সুজন সাহা পিছন থেকে ডাকাত দলের এক সদস্যকে ধরে ফেলেন এবং “ডাকাত ডাকাত” বলে চিৎকার শুরু করেন।
এসময় অন্যান্য ডাকাতরা পালিয়ে গেলেও স্থানীয় লোকজন ছুটে এসে আটক ব্যক্তিকে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই ওই ডাকাত নিহত হয়।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুজ্জামান শাহিন জানান, শুক্রবার সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। নিহত ব্যক্তির নাম সেলিম ফকির (৩৫)। তিনি বগুড়া জেলার কাহালু থানার পিলকুঞ্জ চকপাড়া গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে বলে জানা গেছে।
পুলিশ জানায়, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে বগুড়াসহ দেশের বিভিন্ন থানায় চুরি ও দস্যুতাসহ ৯টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
