
নবগঠিত মোকামতলা উপজেলা ঘোষণার খবরে আনন্দ-উল্লাসে মেতে উঠেছে পুরো জনপদ। ব্যান্ড পার্টি, আতশবাজি, পটকা ফুটানো ও বর্ণাঢ্য আনন্দমিছিলে মুখর হয়ে ওঠে মোকামতলা বন্দরসহ আশপাশের এলাকা। হাতে হাতে ছিল প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানানো প্ল্যাকার্ড।
শুক্রবার (০৮ মে) বিকেল ৫টায় মোকামতলা বন্দরে হাজার হাজার মানুষের অংশগ্রহণে এক বিশাল আনন্দমিছিল অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। দীর্ঘদিনের প্রত্যাশিত উপজেলা বাস্তবায়নের ঘোষণায় মানুষের চোখেমুখে ছিল উচ্ছ্বাস, আনন্দ ও স্বপ্নপূরণের আবেগ।
আনন্দমিছিল চলাকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের পাশাপাশি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপির প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন এলাকাবাসী। স্থানীয়দের দাবি, প্রতিমন্ত্রীর আন্তরিক উদ্যোগ, নিরলস প্রচেষ্টা ও সার্বিক সহযোগিতার ফলেই মোকামতলা উপজেলা বাস্তবায়নের পথ সুগম হয়েছে।
উপজেলা ঘোষণার খবরে দিনভর বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ, দোয়া মাহফিল ও স্বতঃস্ফূর্ত আনন্দমিছিল অনুষ্ঠিত হয়। সর্বস্তরের মানুষের অংশগ্রহণে পুরো মোকামতলা যেন পরিণত হয় উৎসবের জনপদে।
