
বদলে যেতে পারে উত্তরাঞ্চলের যোগাযোগ ও অর্থনীতির চিত্র
উত্তরাঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচনের উদ্যোগ নিয়েছে সরকার। বগুড়া, নওগাঁ ও জয়পুরহাট জেলার গুরুত্বপূর্ণ মহাসড়কগুলো চার লেনে উন্নীত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট দপ্তরে প্রয়োজনীয় প্রস্তাব পাঠানো হয়েছে বলে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বগুড়া ২ শিবগঞ্জ ৩৭ সংসদের সদস্য,স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিবের কাছে একটি আধা-সরকারি (ডিও) চিঠি পাঠিয়ে দ্রুত প্রকল্পগুলো অনুমোদন ও বাস্তবায়নের অনুরোধ জানিয়েছেন।
প্রস্তাবিত প্রকল্পের মধ্যে রয়েছে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দর পর্যন্ত সড়ক চার লেনে উন্নীতকরণ। এছাড়া বগুড়া শহরের বারপুর এলাকা থেকে নামুজা, ক্ষেতলাল হয়ে জয়পুরহাট পর্যন্ত সড়ক উন্নয়ন এবং বগুড়া চারমাথা থেকে নওগাঁ পর্যন্ত মহাসড়ক চার লেনে রূপান্তরের পরিকল্পনাও রয়েছে।
এছাড়া বগুড়ায় প্রস্তাবিত আন্তর্জাতিক বিমানবন্দর ও বিমানঘাঁটির সঙ্গে সংযোগ স্থাপনে নতুন সংযোগ সড়ক ও সার্ভিস লেন নির্মাণের কথাও উল্লেখ করা হয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, উত্তরাঞ্চল দেশের অন্যতম কৃষিভিত্তিক অঞ্চল হওয়ায় উন্নত সড়ক যোগাযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। চার লেন সড়ক নির্মাণ হলে কৃষিপণ্য দ্রুত পরিবহন সম্ভব হবে, কমবে যাতায়াত সময় ও ব্যয়। একই সঙ্গে হিলি স্থলবন্দরকে কেন্দ্র করে আমদানি-রপ্তানি কার্যক্রমেও গতি আসবে।
স্থানীয় বাসিন্দারা মনে করছেন, প্রকল্পগুলো বাস্তবায়িত হলে বগুড়া, নওগাঁ ও জয়পুরহাটসহ আশপাশের জেলার মানুষের যোগাযোগ ব্যবস্থায় ব্যাপক উন্নয়ন ঘটবে। পাশাপাশি শিল্পায়ন, ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে উত্তরাঞ্চলের অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে।
