চিত্র: জনগণের কন্ঠ

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কেওঢালা স্ট্যান্ডে দীর্ঘদিন ধরে ঘটে চলা সড়ক দুর্ঘটনা ও জনদুর্ভোগ নিরসনে দ্রুত একটি ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিবানী সরকারের নিকট স্মারকলিপি প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১২ মে) দুপুর ১টার দিকে আসন্ন মদনপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মিনহাজ ভূঁইয়ার উদ্যোগে বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে এ স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম পয়েন্ট কেওঢালা স্ট্যান্ড দিয়ে প্রতিদিন আশপাশের কয়েকটি ইউনিয়নের হাজার হাজার মানুষ জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করে। কিন্তু সেখানে কোনো ফুটওভার ব্রিজ না থাকায় সাধারণ পথচারীদের সরাসরি মহাসড়ক পারাপার হতে হয়। ফলে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে এবং হতাহতের ঘটনাও বাড়ছে।
এ বিষয়ে মদনপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মতিন জানান, বিগত সরকার ও ইউনুস সরকারের আমলে ফুটওভারের জন্য অবগত করা হয়েছে কিন্তু কাজটি হাইওয়ে কর্তপক্ষের আন্ডারে থাকার কারণে আমাদের চাহিদা অনুযায়ী কার্যকর হচ্ছেনা।
এলাকাবাসীর দাবি, দ্রুত একটি ফুটওভার ব্রিজ নির্মাণ করা হলে শিক্ষার্থী, চাকরিজীবী, শ্রমিকসহ সাধারণ জনগণের নিরাপদ চলাচল নিশ্চিত হবে এবং দুর্ঘটনার ঝুঁকি অনেকাংশে কমে আসবে।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম ভূঁইয়া (হিরন), জামায়াতে ইসলামের মদনপুর অঞ্চলের দায়িত্বশীল হারুনুর রশিদ, বন্দর থানা ছাত্রদলের সাবেক সভাপতি আল আমিন, উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি রামিম ভূঁইয়া, জাতীয় যুবশক্তি নারায়ণগঞ্জ জেলার সদ্য সাবেক সংগঠক সোহাগ আহমেদ, জাতীয় ছাত্রশক্তি নারায়ণগঞ্জ জেলার যুগ্ম সদস্য সচিব মাসুদ রানা, মো. মুরাদ, মদনপুর ছাত্রজনতার অর্থ সম্পাদক মাসুদ রানা, ধামগড় ইউনিয়ন ছাত্রদল নেতা বাবুলসহ স্থানীয় এলাকাবাসীর প্রতিনিধি শামিম হোসেন, আরাফাত, মহসিন ও ফরহাদ।
এ বিষয়ে স্থানীয়রা জানান, কেওঢালা স্ট্যান্ড এলাকায় দ্রুতগতির যানবাহনের কারণে প্রতিনিয়ত আতঙ্কের মধ্যে রাস্তা পারাপার করতে হয়। বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, নারী ও বৃদ্ধদের সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়তে হচ্ছে। তারা দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
